নয়াদিল্লি:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর বিরুদ্ধে দিল্লিতে চলা বিক্ষোভ ঘিরে পুলিশি ধরপাকড়ের অভিযোগ তুললেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) জাতীয় সভাপতি নেহা বরা। তাঁর দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া ছাত্র ও কর্মীদের আটক করে ভয় দেখানোর চেষ্টা করা হলেও আন্দোলন থামবে না। তাঁর কথায়, এটি শুধু একটি প্রতিবাদ নয়, গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার লড়াই।
গত কয়েক দিন ধরে দিল্লিতে SIR এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। এই আন্দোলনে নেহা বরা-সহ একাধিক ছাত্রনেতা, সমাজকর্মী ও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আটক করা হয়েছে। ৩ অক্টোবরও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যাত্রার সময় নেহা বরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদব-সহ বহু প্রতিবাদকারীকে আটক করে দিল্লি পুলিশ।
নেহা বরা অভিযোগ করেন, বিক্ষোভকারীদের আটক করার সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এমনকি একাধিকবার তাঁকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি এবং নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত ও মিছিল করার কারণেই পদক্ষেপ করা হয়েছে।
বরার বক্তব্য, পুলিশের বাধা ও ধরপাকড় আন্দোলনকারীদের মনোবল ভাঙতে পারেনি। বরং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আরও বেশি মানুষকে পথে নামার প্রেরণা দিয়েছে। তাঁর মতে, ভোট দেওয়ার অধিকার এবং গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার রক্ষার প্রশ্নে আপস করার কোনও জায়গা নেই।
SIR-কে ঘিরে দিল্লির বিক্ষোভে ইতিমধ্যেই একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। ৬ অক্টোবরও নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করার সময় INDIA জোটের সাংসদ-সহ প্রায় ২৬০ জনকে আটক করার খবর সামনে এসেছে।
এদিকে, বিক্ষোভ চলাকালীন কয়েকজন মহিলা সাংবাদিকের তরফে দিল্লি পুলিশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও তোলা হয়েছে। পুলিশ অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।