২ দিনের সুযোগ! মাত্র ১০ টাকাতে নতুন পোষাক মিলছে সব বয়সীদের, ‘নমো মল’-এ আসলেই পুজোর হাসি গরিবের ঘরে
Story by Tarun Nandi | Posted by Aparna Das • 18 h ago
২ দিনের সুযোগ! মাত্র ১০ টাকাতে নতুন পোষাক মিলছে সব বয়সীদের, ‘নমো মল’-এ আসলেই পুজোর হাসি গরিবের ঘরে
তরুণ নন্দী /কলকাতা
সকলের মুখে একগাল হাসি। আনন্দ করে চলে এলেন সব বয়সীরা। কারও হাতে ১০ টাকা রয়েছে তো হাতে ধরে রয়েছে একটি কুপন। জানেন, সামান্য টাকাতেই পুজোর নতুন পোষাক হাতে নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। কেউ পরিবারের শিশুর জন্য নতুন পোশাক বেছে নিচ্ছেন তো কেউ বাছলেন মায়ের জন্য শাড়ি। আবার কেই পরিবারের প্রবীণ সদস্যের জন্য বেছে নিলেন নতুন জামাকাপড়। পুজোর কেনাকাটায় হাজার হাজার টাকা খরচের হিসেব নিয়ে যখন সকলে ব্যস্ত রয়েছেন, তখন উত্তর ২৪ পরগনার পানিহাটিতে মাত্র ১০ টাকায় তৈরি হয়েছে অন্যরকম এক পুজোর বাজার, নাম ‘নমো শপিং মল’।
সামান্য টাকায় কেনাকাটা করা যাবে বলে বাড়তি ভিড়ে দাঁড়িয়ে থাকার অস্বস্তি নেই। নেই কারও হাতে পুরনো পোশাক তুলে দেওয়ার বিষয়ও। এই অভিনব উদ্যোগে মিলবে মাত্র ১০ টাকা দিয়ে নিজের পছন্দের একেবারে নতুন পোশাক বেছে নেওয়ার সুযোগ। আর সেই পোশাক হাতে পাওয়ার পর প্রত্যেকের মুখে যেন চওড়া হাসি ফুটে উঠল। আসলে পুজো মানেই নতুন জামা পাওয়ার আনন্দ। ছোটরা হোক বা বড়রা নতুন পোশাক হাতে পাওয়া মানেই আলাদা উত্তেজনা। এই অনুভূতির সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে। কিন্তু অভাবের তাড়নায় সংসারে টানাটানি থাকলে সেই আনন্দই অনেকের কাছে হয়ে ওঠে বিলাসিতা।
এটা মাথায় রেখে পানিহাটির এই উদ্যোগের লক্ষ্য, টাকার অভাবে যেন থেমে না থাকে পুজোর আনন্দ। এক অভিনব ভাবনা থেকেই উত্তর ২৪ পরগনার সোদপুরের এইচবি টাউনশিপের একটি বিল্ডিংয়ে দুদিনের জন্য তৈরি হয়েছে অস্থায়ী ‘নমো শপিং মল’। ৮ ও ৯ অক্টোবর আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষরা মাত্র ১০ টাকার বিনিময়ে এখান থেকে নতুন জামাকাপড় কিনতে পারছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কেউ বলতে পারবে না এটা কোনও অনুদান। রীতিমত দশ টাকা দিয়ে কুপনের মাধ্যমে নিজের পছন্দের পোশাক বেছে নেওয়া যাচ্ছে। সামান্য টাকার বিনিময়ে মিলছে নতুন পোষাকা। শিশুদের জামা থেকে শাড়ি, বয়স্কদের পোশাক সবই রাখা হয়েছে ‘নমো শপিং মল’ নামে এই অস্থায়ী মলে। উদ্যোক্তারা জানিয়েছেন, ১০ টাকার কুপন বিলি করা হয়েছে গত সাত দিন ধরে। সমাজের পিছিয়ে থাকা মানুষদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
‘নমো শপিং মল’
তবে শুধু উদ্যোক্তারাই নন, সাধারণ মানুষও নিজেদের সাধ্যমতো এই উদ্যোগে সামিল হয়েছেন। ফলে সহজেই সম্পন্ন হয়েছে এই উদ্যোগ। এখানেই মিলছে সব বয়সের মানুষের জন্য নতুন পোশাকের সম্ভার। পানিহাটির বিজেপি কর্মী-সমর্থকদের উদ্যোগে তৈরি হয়েছে এই অস্থায়ী শপিং মল। উদ্যোগের পিছনে যাদের ভূমিকা রয়েছে তারা হলেন বিক্রম বণিক, অমিত দাস, সুমন মুখোপাধ্যায় ও শুভঙ্কর গুহ সহ একঝাঁক সহৃয় মানুষ।
উদ্যোক্তারা জানান, বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করার সামর্থ্য যাঁদের নেই, তাঁরাও যেন পুজোর সময়ে নতুন পোশাক পরার আনন্দ থেকে বঞ্চিত না হন। সেই ভাবনা থেকেই মাত্র ১০ টাকায় নতুন জামাকাপড় দেওয়ার ব্যবস্থা। এই উদ্যোগের সূচনা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে। সেদিন শুধুমাত্র উদ্বোধন করা হয় শপিং মলের ব্যানার। পরে সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়ে এই মহান উদ্যোগের কথা।
‘নমো শপিং মল’
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘নমো শপিং মল’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে এসে মানুষের সেবার কথাই তুলে ধরে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পুজোর কেনাকাটা বাঙালির সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদেরও উৎসবের আনন্দে সামিল করার এই উদ্যোগকে স্বাগত জানান।
মানুষের ভিড় আর তাঁদের মুখের হাসি যেন বুঝিয়ে দিল দাম মাত্র ১০ টাকা হলেও অনুভূতিটা তার চেয়ে অনেক বড়। মাত্র দুদিনের জন্য হলেও পুজোর আনন্দে সামিল হওয়ার সুযোগ বোধহয় করে দিল পানিহাটির ‘নমো শপিং মল’। ১০ টাকায় নতুন পোশাক হাতে নিয়ে যে মানুষগুলি বাড়ি ফিরছেন, তাঁদের মুখের হাসিতে যদি পুজোর আনন্দ একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে তবেই এই উদ্যোগের সার্থকতা মিলবে।