ট্রেনে মোবাইলের স্পিকারে জোরে গান বা ভিডিও চালালেই জরিমানা! হতে পারে ৬ মাসের জেলও, কড়া নির্দেশ রেলের
নয়াদিল্লি
ট্রেনে যাতায়াতের সময় মোবাইল ফোনের স্পিকারে উচ্চস্বরে গান শোনা, ভিডিও দেখা কিংবা জোরে কথা বলার অভ্যাস রয়েছে অনেকেরই। এবার সেই অভ্যাসে লাগাম টানতে কড়া পদক্ষেপের পথে পূর্ব রেল। সহযাত্রীদের অসুবিধায় ফেলে এমন আচরণ করলে গুনতে হতে পারে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা। এমনকি পরিস্থিতি অনুযায়ী হতে পারে ছ’মাস পর্যন্ত কারাদণ্ডও। দক্ষিণ রেলের পর এবার ট্রেন ও রেল চত্বরে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কঠোর নির্দেশিকা জারি করল পূর্ব রেল।
শুক্রবার পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, রেল বোর্ডের পরামর্শ মেনে কলকাতার সদর দফতরের অধীন চারটি ডিভিশনে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। রেলস্টেশন ও ট্রেনের ভিতরে মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় শব্দের কারণে যাত্রীদের ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
পূর্ব রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী, জনসাধারণের অসুবিধা বা উপদ্রব সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই ধারায় সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পরিস্থিতি অনুযায়ী জরিমানা ও কারাদণ্ড, দুই শাস্তিই হতে পারে।
রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ট্রেনের মধ্যে কোনও যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে অন্যদের অসুবিধায় ফেললে টিকিট পরীক্ষকরাও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারবেন।
নতুন নির্দেশিকায় যাত্রীদের মোবাইল ফোনের লাউডস্পিকার ব্যবহার করে জোরে গান শোনা বা ভিডিও দেখা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি উচ্চস্বরে কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলা এবং মোবাইলের রিংটোনের শব্দ বেশি রাখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রেল আধিকারিকদের মতে, এই ধরনের আচরণের ফলে প্রায়ই সহযাত্রীদের সমস্যা হয় এবং ট্রেনের কামরার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয়। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উচ্চস্বরে শব্দ হলে যাত্রীদের অসুবিধা আরও বেড়ে যায়।
নতুন নিয়ম সম্পর্কে যাত্রীদের সচেতন করতে বিশেষ প্রচারও চালাবে পূর্ব রেল। রেলস্টেশনগুলির পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে নিয়মিত সচেতনতামূলক ঘোষণা করা হবে। সম্ভব হলে ট্রেনের ভিতরেও এই ধরনের ঘোষণা চালানোর ব্যবস্থা করা হবে।
ঘোষণার মাধ্যমে যাত্রীদের গান শোনা বা ভিডিও দেখার সময় ইয়ারফোন ব্যবহার করার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি মোবাইল ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখা কিংবা রিংটোনের আওয়াজ কমিয়ে রাখার আবেদন জানানো হবে।
পূর্ব রেলের বক্তব্য, এই উদ্যোগের মূল লক্ষ্য যাত্রীদের জন্য আরও শান্তিপূর্ণ, আরামদায়ক ও স্বস্তিদায়ক রেলযাত্রা নিশ্চিত করা। সহযাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং অপ্রয়োজনীয় শব্দদূষণ নিয়ন্ত্রণের উপরই বিশেষ গুরুত্ব দিচ্ছে রেল কর্তৃপক্ষ।