রক্তের সম্পর্ক নয়, মানবিকতার টানেই আপনজন! রক্ত দিয়ে মহিলার পাশে দাঁড়ালেন সাংবাদিক জাকির সেখ, হয়ে গেলেন মানবিকতার ফেরিওয়ালা

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 5 m ago
জাকির শেখ
জাকির শেখ
 
তরুণ নন্দী / কলকাতা

সাংবাদিক খবরের সন্ধানে ছুটে বেড়ায় ঠিকই, কিন্তু এই ঘটনা প্রমান করল কখনও কখনও মানুষের বিপদে নিজেই হয়ে ওঠা যায় খবরের নায়ক। কথায় নয়, কাজের মাধ্যমে সেই মানবিকতারই অনন্য নজির গড়লেন আপনজন পত্রিকার সাংবাদিক জাকির শেখ। রক্তের অভাবে আটকে ছিল জরায়ুর অস্ত্রোপচার। হাসপাতালের বিছানায় যন্ত্রণা নিয়ে একরাশ হতাশায় সময় কাটছিল জরায়ুর সমস্যায় থাকা অসহায় মহিলার। অস্ত্রোপচারের কারণে দরকার ছিল প্রয়োজনীয় রক্তের।
 
সেই রক্তের সন্ধানে দিশেহারা হয়ে পড়েছিল মহিলার গোটা পরিবার। অনেক চেষ্টা করেও মিলছিল না বি নেগেটিভ (B-) গ্রুপের রক্ত। ফলে যত সময় এগোচ্ছিল ততই প্রতিটি মুহূর্ত কাটছিল উৎকণ্ঠায়। কবে হবে অস্ত্রোপচার? কীভাবেই বা মিলবে রক্ত? সেই চিন্তায় কার্যত দিশাহারা হয়ে পড়েছিলেন মহিলার পরিবারের সদস্যরা। খবরটা কানে যেতেই তাঁদের কঠিন সময়ে আশার আলো হয়ে এগিয়ে এলেন সাংবাদিক জাকির সেখ।
 

সুত্রের খবর, মুর্শিদাবাদের নওদা থানার মিরপুর গ্রামের ৪২ বছর বয়সি রসিদা বিবি। স্বামীর নাম খেদের সেখ। শারীরিক অসুস্থতা নিয়ে গত ১১ নভেম্বর থেকে প্রায় ৯ দিন ধরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জরায়ুর অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়ে পড়েছিল বি নেগেটিভ গ্রুপের রক্ত। কিন্তু বিরল এই রক্তের গ্রুপের সন্ধান না মেলায় ক্রমশ পরিবারের উদ্বেগ বাড়ছিল। এই অসহায়তার খবর পৌঁছয় রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি জায়দুল সেখের কাছে। তাঁর মাধ্যমেই বিষয়টি জানতে পারেন আপনজন পত্রিকার সাংবাদিক জাকির শেখ।
 
খবরটা শোনা মাত্রই আর এক মুহূর্ত দেরি করেননি জাকির শেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় সোজা পৌঁছে যান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সমস্ত প্রয়োজনীয় নিয়ম মেনে নিজেই রক্তদান করেন। তাঁর এই মানবিকতা দেখে নতুন করে আশার আলো দেখেন রোগীর পরিবারের সদস্যরা। জাকির সেখ বলেন, "মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। রক্তের অভাবে একজন রোগীর অস্ত্রোপচার আটকে রয়েছে জানতে পেরে নিজেকে আর দূরে সরিয়ে রাখতে পারিনি। আমার রক্তে যদি একজন মানুষের উপকার হয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।"
 
জাকির শেখ
 
অন্যদিকে,  জাকির শেখ এমনভাবে এগিয়ে আসার কারণে আবেগাপ্লুত  হয়ে পড়েন রোগীর স্বামী খেদের সেখ। তিনি জানান, স্ত্রীর অস্ত্রোপচারের জন্য অনেক চেষ্টা করেও রক্তের ব্যবস্থা করতে পারছিলেন না। চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাঁরা। এমন সময় জাকির শেখ যেভাবে এগিয়ে এসেছেন, তা কোনও দিন ভুলবেন না। আপনজন পত্রিকার সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের অনান্য সদস্যরাও।
 
জাকির শেখের এই উদ্যোগ বুঝিয়ে দিল, আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময় অর্থের প্রয়োজন হয় না। কখনও কখনও এক ব্যাগ রক্তই হয়ে উঠতে পারে একটি পরিবারের কাছে বেঁচে থাকার আশার আলো।
 
রোগীর পরিবার
 
সাংবাদিকতার পরিচয়ের বাইরেও জাকির সেখ প্রমাণ করলেন, মানুষের প্রতি দায়বদ্ধতাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। খবর সংগ্রহ করতে গিয়ে তিনি প্রতিদিন হয়তো অনেক মানুষের দুঃখ, দুর্দশা আর অসহায়তার কথা তুলে ধরেন। কিন্তু এদিন শুধু খবর তুলে ধরেই থেমে থাকেননি। নিজেই হয়ে উঠেছেন এক অসহায় পরিবারের ভরসা। রক্তের সম্পর্ক না থাকলেও মানবিকতার সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, তারই সুন্দর উদাহরণ জাকির শেখ।


শেহতীয়া খবৰ