বেথুন কলেজ থেকে বিশ্বমঞ্চে নীনা গুপ্তা, সাত দশকের গাণিতিক রহস্য ভেদ করে এবার টাইমের সেরা ১০০-র তালিকায়

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Aparna Das • 1 h ago
বেথুন কলেজ থেকে বিশ্বমঞ্চে নীনা গুপ্তা, সাত দশকের গাণিতিক রহস্য ভেদ করে এবার টাইমের সেরা ১০০-র তালিকায়
বেথুন কলেজ থেকে বিশ্বমঞ্চে নীনা গুপ্তা, সাত দশকের গাণিতিক রহস্য ভেদ করে এবার টাইমের সেরা ১০০-র তালিকায়
 
শান্তিপ্রিয় রায়চৌধুরী

কলকাতার বেথুন কলেজের শ্রেণিকক্ষ থেকে আন্তর্জাতিক বিজ্ঞানমঞ্চ। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বের তাবড় গণিতবিদদের কাছে চ্যালেঞ্জ হয়ে থাকা একটি জটিল গাণিতিক সমস্যার সমাধান করে আগেই ইতিহাস গড়েছেন নীনা গুপ্তা। এবার তাঁর মুকুটে যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ‘TIME100 Next India 2026’ তালিকায় জায়গা করে নিয়েছেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) এই অধ্যাপক।
 
গত ১৯ নভেম্বর প্রকাশিত টাইমের প্রথম ভারতকেন্দ্রিক এই তালিকায় দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ১০০ জন উদীয়মান ব্যক্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, সংস্কৃতি, ব্যবসা-সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের মধ্যে জায়গা করে নিয়েছেন নীনা। তাঁর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, ভারতের মৌলিক গণিত গবেষণা এবং মহিলা শিক্ষার ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য অর্জন। 
 
ছোটবেলার অঙ্কের ধাঁধা থেকেই গবেষণার জগতে
 
১৯৮৪ সালের ২৪ নভেম্বর কলকাতায় জন্ম নীনা গুপ্তার। ছোটবেলা থেকেই অঙ্কের প্রতি বিশেষ আগ্রহ ছিল তাঁর। পরিবারের উৎসাহ, গাণিতিক ধাঁধা সমাধানের অভ্যাস এবং নতুন কিছু জানার কৌতূহলই পরবর্তী সময়ে তাঁকে গবেষণার পথে এগিয়ে নিয়ে যায়।
 
নীনা গুপ্তা
 
২০০৬ সালে কলকাতার বেথুন কলেজ থেকে গণিতে অনার্স-সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন নীনা। এরপর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে ২০০৮ সালে এমম্যাথ এবং ২০১১ সালে অধ্যাপক অমর্ত্যকুমার দত্তের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র বিনিময়ী বীজগণিত বা কমিউটেটিভ অ্যালজেব্রা এবং অ্যাফাইন বীজগাণিতিক জ্যামিতি। গণিতের এই শাখায় তাঁর মৌলিক অবদানই তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। 
 
কী সেই জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম?
 
১৯৪৯ সালে আধুনিক বীজগাণিতিক জ্যামিতির অন্যতম প্রতিষ্ঠাতা অস্কার জারিস্কি একটি মৌলিক গাণিতিক প্রশ্ন উত্থাপন করেন। পরবর্তী সময়ে সেটিই ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’ নামে পরিচিতি লাভ করে। কয়েক দশক ধরে বিশ্বের প্রথম সারির গণিতবিদরা এই সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে গিয়েছেন।
 
সহজ ভাষায় বললে, দুটি পৃথক জ্যামিতিক কাঠামোর সঙ্গে একই অতিরিক্ত মাত্রা যুক্ত করার পর যদি সেগুলি গাণিতিকভাবে সমতুল্য হয়ে যায়, তাহলে অতিরিক্ত মাত্রাটি বাদ দেওয়ার পরও কি মূল কাঠামো দুটি সমতুল্য থাকবে? এই প্রশ্নই জারিস্কির সমস্যার অন্যতম ভিত্তি।
 
২০১৪ সালে মাত্র ২৯ বছর বয়সে নীনা গুপ্তা এই সমস্যার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পাল্টা উদাহরণ উপস্থাপন করেন। জাপানি গণিতবিদ তাকানোরি আসানুমার গবেষণার সূত্র ধরে তিনি দেখান, পজিটিভ ক্যারেক্টারিস্টিকের ক্ষেত্রে তিন মাত্রার অ্যাফাইন স্পেসের জন্য এই ধারণা সর্বদা সত্য নয়। তাঁর এই আবিষ্কার বীজগাণিতিক জ্যামিতির গবেষণায় নতুন দিগন্ত খুলে দেয়। তবে জারিস্কির সমস্যার সমস্ত সংস্করণের সমাধান নয়, নির্দিষ্ট গাণিতিক ক্ষেত্রে তাঁর যুগান্তকারী অবদানই এই আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তি। 
 
রামানুজন পুরস্কারপ্রাপ্ত বিশ্বের তৃতীয় মহিলা
 
নীনার গবেষণার গুরুত্ব উপলব্ধি করে ২০১৪ সালে তাঁকে ইয়ং সায়েন্টিস্ট পুরস্কারে সম্মানিত করে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (ইনসা)। ২০১৯ সালে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার অর্জন করেন তিনি। এই সম্মান পাওয়া সর্বকনিষ্ঠ গণিতবিদ হওয়ার নজিরও গড়েন নীনা।
 
২০২১ সালে উন্নয়নশীল দেশের তরুণ গণিতবিদদের জন্য প্রদত্ত ডিএসটি-আইসিটিপি-আইএমইউ রামানুজন পুরস্কার লাভ করেন তিনি। ২০০৫ সালে এই পুরস্কার প্রদান শুরু হওয়ার পর বিশ্বের তৃতীয় মহিলা হিসেবে এই সম্মান অর্জন করেন নীনা।  ২০২২ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তি পুরস্কারেও সম্মানিত হন তিনি। ২০২৪ সালে গাণিতিক বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য পান মর্যাদাপূর্ণ ইনফোসিস পুরস্কার।
 
২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকার সিয়াটলে আয়োজিত জয়েন্ট ম্যাথমেটিক্স মিটিংসে ৪৪তম এমি নোয়েথার বক্তৃতা প্রদানের জন্য নির্বাচিত হন নীনা। আধুনিক গণিতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী মহিলা গণিতবিদ এমি নোয়েথারের স্মৃতিতে আয়োজিত এই বক্তৃতা আন্তর্জাতিক গণিতচর্চার ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে। 
 
কাদম্বিনী-চন্দ্রমুখীর বেথুন কলেজের ঐতিহ্য বহন করছেন নীনা
 
নীনা গুপ্তার সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার নারীশিক্ষার এক দীর্ঘ ইতিহাস। ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত ক্যালকাটা ফিমেল স্কুলের ধারাবাহিকতায় ১৮৭৯ সালে যাত্রা শুরু করে বেথুন কলেজ। এশিয়ার প্রথম মহিলা কলেজ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান ঔপনিবেশিক ভারতে নারীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত করেছিল।
 
কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, চন্দ্রমুখী বসুর মতো পথিকৃৎদের শিক্ষাজীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই প্রতিষ্ঠানের ইতিহাস। প্রায় দেড় শতাব্দী পর সেই কলেজেরই এক প্রাক্তনী গণিত গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে নারীশিক্ষার ঐতিহাসিক ধারাকে আরও সমৃদ্ধ করলেন। টাইমের তালিকায় নীনার অন্তর্ভুক্তির পর বেথুন কলেজ কর্তৃপক্ষও নিজেদের ওয়েবসাইটে এই কৃতী প্রাক্তনীকে অভিনন্দন জানিয়েছে। 
 
নীনা গুপ্তা
 
বিদেশে নয়, কলকাতায় বসেই বিশ্বমানের গবেষণা
 
উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগের সন্ধানে দেশের বহু মেধাবী পড়ুয়া যখন বিদেশমুখী হন, তখন নীনা গুপ্তার গবেষণাজীবন দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভাবনার এক উজ্জ্বল উদাহরণ। কলকাতার বেথুন কলেজ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের শিক্ষাগত ও গবেষণার পরিকাঠামোকে ভিত্তি করেই তিনি আন্তর্জাতিক গণিতচর্চায় নিজের জায়গা তৈরি করেছেন।
 
তাঁর সাফল্য মনে করিয়ে দেয়, উন্নত গবেষণার জন্য প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো, দক্ষ শিক্ষক, স্বাধীন চিন্তার পরিবেশ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতা। এই উপাদানগুলি নিশ্চিত করা গেলে ভারতীয় গবেষণাপ্রতিষ্ঠান থেকেও বিশ্বমানের মৌলিক আবিষ্কার সম্ভব।
 
গণিত গবেষণায় মহিলাদের অংশগ্রহণের অনুপ্রেরণা
 
বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত, সম্মিলিতভাবে স্টেম (STEM) নামে পরিচিত এই ক্ষেত্রগুলিতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে বিশ্বজুড়েই আলোচনা চলছে। বিশেষ করে উচ্চস্তরের গবেষণা ও নেতৃত্বের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করা এখনও অন্যতম চ্যালেঞ্জ।
 
সেই প্রেক্ষাপটে নীনা গুপ্তার আন্তর্জাতিক সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর গবেষণাজীবন নতুন প্রজন্মের ছাত্রীদের গণিতকে কেবল পরীক্ষার বিষয় হিসেবে নয়, পেশা ও মৌলিক গবেষণার ক্ষেত্র হিসেবেও বেছে নিতে উৎসাহিত করতে পারে।
 
এক নজরে নীনা গুপ্তার উল্লেখযোগ্য অর্জন
 
২০১৪ সালে ইনসা ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, ২০১৭ সালে বি এম বিরলা বিজ্ঞান পুরস্কার, ২০১৯ সালে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, ২০২১ সালে রামানুজন পুরস্কার, ২০২২ সালে নারীশক্তি পুরস্কার, ২০২৩ সালে গণিতরত্ন এবং টিডব্লিউএএস-সিএএস ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, ২০২৪ সালে ইনফোসিস পুরস্কার, ২০২৫ সালে এমি নোয়েথার বক্তৃতার সম্মান এবং ২০২৬ সালে ‘TIME100 Next India’ তালিকায় অন্তর্ভুক্তি, প্রতিটি স্বীকৃতিই তাঁর দীর্ঘ গবেষণাজীবনের এক-একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
 
বেথুন কলেজের শ্রেণিকক্ষ থেকে শুরু হওয়া নীনা গুপ্তার যাত্রা আজ আন্তর্জাতিক বিজ্ঞানমঞ্চে বাংলার মেধা ও মননের পরিচয় বহন করছে। তাঁর সাফল্য শুধু একটি কঠিন গাণিতিক সমস্যার সমাধানের ইতিহাস নয়; একই সঙ্গে তা অধ্যবসায়, যুক্তিবাদ, নারীশিক্ষা এবং দেশীয় গবেষণার সম্ভাবনার এক অনন্য আখ্যান। বাংলার শিক্ষা ও বিজ্ঞানচর্চার ইতিহাসে নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়।


শেহতীয়া খবৰ