এ যেন টাইম মেশিনে চেপে অতীতে ফেরা! প্রিন্সেপ ঘাট স্টেশনে রেলের দুর্লভ ছবি ও ইতিহাস নিয়ে নজরকাড়া উদ্যোগ পূর্ব রেলের
তরুণ নন্দী / কলকাতা
হুইসেল বাজিয়ে রেললাইন ধরে ট্রেন ছুটে চলার সঙ্গে রেলস্টেশনের ব্যস্ততা, ভারতীয় রেলের এই চেনা ছবির আড়ালে লুকিয়ে রয়েছে বহু বছরের কত রকমের ইতিহাস। রয়েছে অসংখ্য স্মৃতি আর একের পর এক ঐতিহাসিক মাইলফলক। সেই বিস্মৃতপ্রায় ইতিহাসকেই নতুন করে মানুষের সামনে তুলে ধরতে এবার এক অভিনব উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে কলকাতার ঐতিহাসিক প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনে উদ্বোধন করা হলো এক বিশেষ হেরিটেজ আর্ট গ্যালারি। নাম দেওয়া হয়েছে ‘The TIME TABLE… A Journey Through Heritage’।
২২ নভেম্বর, রবিবার এই অনবদ্য গ্যালারির উদ্বোধন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে। উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা, ERWWO শিয়ালদহের সভানেত্রী শ্রীমতী নিধি সাক্সেনা, পূর্ব রেলের সদর দফতরের প্রিন্সিপাল অফিসার এবং শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখার আধিকারিকরা। যে গ্যালারি দৃষ্টান্ত তুলে ধরল ভারতীয় রেলের।
এই গ্যালারির বিশেষ আকর্ষণ হলো ভারতীয় রেলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা দুর্লভ আর্কাইভাল ছবি। রয়েছে ঐতিহাসিক নথি সহ গুরুত্বপূর্ণ ঘটনার নির্দশন। পাশাপাশি থাকছে নানা উল্লেখযোগ্য মাইলফলকের সংগ্রহ। প্রতিটি ছবি যেন এক একটি সময়ের সাক্ষ্য বহন করে চলেছে। রেলের বিবর্তন, প্রযুক্তির পরিবর্তন, যোগাযোগ ব্যবস্থার প্রসারের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভারতীয় রেলের অসামান্য অবদান, সবকিছুরই এক জীবন্ত দলিল হয়ে উঠেছে এই প্রদর্শনী।
কলকাতার ঐতিহাসিক প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনে উদ্বোধন করা হলো এক বিশেষ হেরিটেজ আর্ট গ্যালারি
এই উদ্যোগের গুরুত্ব অপরিসীম। দ্রুত আধুনিকতার পথে এগিয়ে চলা ভারতীয় রেলের কাছে নিজের শিকড় ও ঐতিহ্যকে সংরক্ষণ করাও যে সমান গুরুত্বপূর্ণ তা সেই তুলে ধরেছে পূর্ব রেল। বলা যেতে পারে, নতুন প্রজন্মের কাছে রেলের ইতিহাসকে আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে এই উদ্যোগের কারণে।
পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সাধারণ মানুষের আগ্রহ তৈরিরও সুযোগ করে দেবে এই গ্যালারি। এখানে এলে দেখা যাবে, আধুনিকতার গতির সঙ্গে ইতিহাসের হাতছানি। প্রিন্সেপ ঘাটের এই গ্যালারি হয়ে উঠল ইতিহাসের এক ‘জীবন্ত’ পাঠশালা।