ধর্মের দেওয়াল পেরিয়ে সম্প্রীতির নবান্ন! মীর সাহেবের দরগায় নতুন ধানের অন্ন নিয়ে একসঙ্গে হাজির হিন্দু-মুসলিম, আজও অটুট মিলনের ঐতিহ্য

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 22 m ago
ধর্মের দেওয়াল পেরিয়ে সম্প্রীতির নবান্ন! মীর সাহেবের দরগায় নতুন ধানের অন্ন নিয়ে একসঙ্গে হাজির হিন্দু-মুসলিম, আজও অটুট মিলনের ঐতিহ্য
ধর্মের দেওয়াল পেরিয়ে সম্প্রীতির নবান্ন! মীর সাহেবের দরগায় নতুন ধানের অন্ন নিয়ে একসঙ্গে হাজির হিন্দু-মুসলিম, আজও অটুট মিলনের ঐতিহ্য

তরুণ নন্দী, কলকাতাঃ

বাংলার মাটিতে উৎসব মানেই মানুষের সঙ্গে মানুষের মিলন। উৎসবকে ঘিরে দেখা যায়  একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার বন্ধন। বাংলার নানা প্রান্তে দেখা যায় ধর্মের পরিচয় আলাদা হলেও মাটির টান, লোকাচার আর সম্প্রীতির ঐতিহ্য মানুষকে বারবার এক সুতোয় বেঁধে দিয়েছে। বীরভূমের রাজনগরের মীর সাহেবের দরগায় নবান্ন উৎসব যেন সেই চিরন্তন বাংলারই এক উদাহরণ। যেখানে নতুন ধানের অন্ন নিয়ে হিন্দুরা আসেন এক পীরের দরগায়, আর তাঁদের সঙ্গে উৎসবে শামিল হন মুসলিম সম্প্রদায়ের মানুষও। বলা ভালো, এই উৎসবে ধর্মের পরিচয় ছাপিয়ে সেখানে বড় হয়ে ওঠে মানুষের পরিচয়।
 
অগ্রহায়ণের শুরুতেই বাংলার কৃষিজীবনে নতুন ফসল ঘরে তোলার আনন্দের বিশেষ দিন মনে করা হয় গ্রামবাংলায়। নতুন ধানে গ্রামবাংলার ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি শুরু হয়, ঠিক তখনই রাজনগরের কাদাকুলি গ্রাম সংলগ্ন হজরত মীর নুরুদ্দিন হুসেইনী (রহঃ)যিনি স্থানীয় মানুষের কাছে মীর সাহেব বাবা নামেই পরিচিত, তাঁর দরগায় বসে সম্প্রীতির অনন্য উৎসব। এই আয়োজন মনে করিয়ে দেয় বাংলার লোকসংস্কৃতির শিকড় কতটা গভীরে চলে গিয়েছে। এখানে নবান্নের আনন্দ কোনও একটি সম্প্রদায়ের মধ্যে আটকে থাকে না, ছড়িয়ে পড়ে সকল সম্প্রদায়ের মধ্যে। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিকটি রয়েছে একটি বিশেষ রীতির মধ্যে।
 
নতুন ধান ঘরে তোলার পর সেই ধান থেকে তৈরি চিঁড়ে ও মিষ্টান্ন নিয়ে মীর সাহেবের দরগায় হাজির হন হিন্দু ভক্তরা। ফুল, সিন্নি ও চাদর নিবেদন করে তাঁরা প্রার্থনা করেন। কেউ করেন মানত। যে দরগা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ধর্মীয় শ্রদ্ধা ও ভক্তির জায়গা, সেখানেই প্রজন্মের পর প্রজন্ম ধরে নবান্নের অন্ন নিবেদন করে আসছেন হিন্দু পরিবারগুলি। এই দৃশ্য পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।
 
রাজনগরের মালিপাড়ার দত্ত পরিবার কয়েক পুরুষ ধরে এই ঐতিহ্য বহন করে চলেছে। পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করেই আজও নিষ্ঠার সঙ্গে নবান্নের নতুন অন্ন নিয়ে তাঁরা হাজির হন মীর সাহেবের দরগায়। পরিবারের সদস্য নিতাই দত্ত ও উত্তম দত্তের কথায়, বংশপরম্পরায় চলে আসা এই প্রথা তাঁদের কাছে শুধু একটি রীতি নয় বরং বিশ্বাস ও ঐতিহ্যের অংশ। আর এই আয়োজনকে আপন করে নিয়েছেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষও। ফলে এক পরিবারের ধর্মীয় আচার আজ গোটা এলাকার মানুষের মিলনোৎসবে পরিণত হয়েছে।
 
দরগার সামনের মাঠে দেখা গেল উৎসবের আবহ। দুই থেকে তিন দিন ধরে চলে মেলা। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন এই সম্প্রীতির উৎসব দেখতে। কেউ আসেন বাংলার এই ব্যতিক্রমী লোকঐতিহ্যের সাক্ষী হতে। জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে একই উৎসবে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই রাজনগরের নবান্নকে অন্য মাত্রা দিয়েছে।
 
স্থানীয়দের মুখে প্রচলিত ইতিহাস অনুযায়ী, হজরত মীর নুরুদ্দিন হুসেইনী সুদূর আরব থেকে এসেছিলেন। তাঁর এক ভক্ত বিনোদ দত্ত তাঁকে ৩৬ শতক জমি দান করেন। সেই জমিতেই আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন মীর সাহেব। পরবর্তীতে সেখানেই তাঁকে সমাধিস্থ করা হয় আর গড়ে ওঠে তাঁর দরগা। প্রতি বছর ২৩ ফাল্গুন সেখানে পালিত হয় উরস। আর পয়লা অগ্রহায়ণ হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে আয়োজিত হয় নবান্ন উৎসব। সময়ের সঙ্গে এই দুই আয়োজনই রাজনগরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখানে হিন্দুরা শ্রদ্ধা নিয়ে আসেন মুসলিম পীরের দরগায়। মুসলিমরাও তাঁদের সেই বিশ্বাস ও ঐতিহ্যকে আপন করে নেন। ধর্মের পরিচয় আলাদা হলেও সকলের নিজ নিজ বিশ্বাসকে সম্মান জানিয়েই একসঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন ভক্তরা। মীর সাহেবের দরগায় প্রতি বছরের এই উৎসব সম্প্রীতির সেই কথাই নতুন করে লিখে যায়।


শেহতীয়া খবৰ