দেবীর ভোগ মন্দিরে পৌঁছতে ডাক পড়ল ক্রেনের! ১৫০০ কেজির বিশাল লাড্ডু ঘিরে জয়রামবাটীতে নজিরবিহীন উন্মাদনা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 14 h ago
দেবীর ভোগ মন্দিরে পৌঁছতে ডাক পড়ল ক্রেনের! ১৫০০ কেজির বিশাল লাড্ডু ঘিরে জয়রামবাটীতে নজিরবিহীন উন্মাদনা
দেবীর ভোগ মন্দিরে পৌঁছতে ডাক পড়ল ক্রেনের! ১৫০০ কেজির বিশাল লাড্ডু ঘিরে জয়রামবাটীতে নজিরবিহীন উন্মাদনা
 
তপন রায়:
 
প্রসাদ তো অনেক দেখেছেন, কিন্তু দেবীর ভোগ মন্দিরে পৌঁছে দিতে যদি প্রয়োজন হয় আস্ত একটি ক্রেন! শুনতে অবাক লাগলেও এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকল বাঁকুড়ার জয়রামবাটী। জগদ্ধাত্রী মায়ের চরণে নিবেদনের জন্য তৈরি হয়েছে ১৫০০ কেজির এক বিশালাকার লাড্ডু! আর সেই বিশালাকার লাড্ডু মন্দিরে নিয়ে যেতে শেষ পর্যন্ত কাজে লাগাতে হল ক্রেন।

জয়রামবাটী শ্রীশ্রী মাতৃমন্দিরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। ১৫০ বছরের ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে মায়ের উদ্দেশে নিবেদন করা হল ১৫০০ কেজির বিশাল লাড্ডু ভোগ। লাড্ডুর বিশালত্ব এতটাই যে সাধারণভাবে সেটি মন্দিরে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে ভক্তদের উদ্যোগে ব্যবহার করা হয় ক্রেন। ক্রেনের সাহায্যে বিশালাকার লাড্ডুটি মন্দিরে পৌঁছে দেওয়ার দৃশ্য দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ।

১৫০০ কেজির এই বিশাল লাড্ডু একনজর দেখতে মন্দির চত্বরে উপচে পড়ে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। কারও চোখে বিস্ময়, কারও মনে ভক্তির আবেগ সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হয় গোটা মন্দির প্রাঙ্গণে।

১৫০ বছরের পূর্তি, তার সঙ্গে ১৫০০ কেজির মহাভোগ সংখ্যার এই বিশেষ মিলকে ঘিরে জয়রামবাটীতে তৈরি হল এক স্মরণীয় মুহূর্ত। ভক্তি, ঐতিহ্য আর অভিনব আয়োজনের মেলবন্ধনে কার্যত উৎসবের নগরীতে পরিণত হল জয়রামবাটী মাতৃমন্দির চত্বর।