ধর্মের গণ্ডি পেরিয়ে নবাবের স্মৃতির পাহারাদার! সিরাজউদ্দৌলার সমাধি আগলে দিন কাটছে হিন্দু মহিলা সমর্পিতার, তাঁর উদ্যোগে মুগ্ধ ইতিহাসপ্রেমীরা

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 12 m ago
ধর্মের গণ্ডি পেরিয়ে নবাবের স্মৃতির পাহারাদার! সিরাজউদ্দৌলার সমাধি আগলে দিন কাটছে হিন্দু মহিলা সমর্পিতার, তাঁর উদ্যোগে মুগ্ধ ইতিহাসপ্রেমীরা
ধর্মের গণ্ডি পেরিয়ে নবাবের স্মৃতির পাহারাদার! সিরাজউদ্দৌলার সমাধি আগলে দিন কাটছে হিন্দু মহিলা সমর্পিতার, তাঁর উদ্যোগে মুগ্ধ ইতিহাসপ্রেমীরা
 
তরুণ নন্দী / কলকাতা

কলকাতার পরিচিত জীবন ছেড়ে ইতিহাসের টানে মুর্শিদাবাদের খোশবাগে দীর্ঘদিনের বসবাস। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধির পরিচর্যা, স্থানীয় শিশুদের শিক্ষার উদ্যোগ সহ হীরাঝিলের ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবিতে ইতিহাসের বিস্মৃতপ্রায় অধ্যায়কে বাঁচিয়ে রাখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমর্পিতা দত্ত। নবাব সিরাজদ্দৌলার প্রতি এই টানের কারণে অনেকের কাছে তিনি পরিচিত ‘সমর্পিতা সিরাজ’ নামে। ইতিহাসের প্রতি ভালোবাসাকে জীবনের দায়বদ্ধতায় পরিণত করা এই নারীর পথচলা আজ গোটা বাংলায় এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
 
ভাগীরথীর তীরে মুর্শিদাবাদে অবস্থিত এই খোশবাগ। এখানেই চিরনিদ্রায় শায়িত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পলাশীর প্রান্তরে ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে বাংলার ইতিহাসে যে অধ্যায়ের সূচনা হয়েছিল খোশবাগ আজও তার নীরব সাক্ষী। ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটি স্মৃতিস্থলের অবহেলিত পরিবেশই গভীরভাবে নাড়া দিয়েছিল ইতিহাসপ্রেমী সমর্পিতা দত্তকে। জানা যায়, সেই অনুভূতি থেকেই শুরু হয় তাঁর ব্যতিক্রমী পথচলা।
 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের প্রাক্তনী সমর্পিতার কর্মজীবনের শুরু অভিনয়ের মধ্য দিয়ে। ইতিহাসের প্রতি বরাবরই গভীর অনুরাগ রয়েছে সমর্পিতার। জানা যায়, ২০১৮ সালে প্রথমবার সিরাজউদ্দৌলার সমাধিস্থল খোশবাগে গিয়ে নবাবের সমাধির অবহেলিত অবস্থা দেখে তিনি মানসিকভাবে কষ্ট পান। বিষয়টি নিয়ে প্রথম দিকে সিরাজউদ্দৌলা, খোশবাগ ও হীরাঝিলকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করেছিলেন। চিত্রনাট্যও তৈরি করেছিলেন। কিন্তু মুর্শিদাবাদে নিয়মিত যাতায়াতের সূত্রে স্থানীয় শিশুদের সঙ্গে পরিচয় হতেই তাদের শিক্ষার প্রয়োজনীয়তা বুঝতে পারেন। আর তারপর তাঁকে অন্য একটি উদ্যোগের দিকে নিয়ে যায়। খোশবাগে সমর্পিতা গড়ে তোলেন ‘নবাব সিরাজউদ্দৌলা মুক্ত বিদ্যালয়’।
 
প্রথম দিকে নিজেই শিশুদের পড়ানোর দায়িত্ব নেন। পরে তাঁর সঙ্গে যুক্ত হন আরও কয়েকজন শিক্ষক। স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগ তাঁর কাজকে নতুন মাত্রা দেয়। ইতিহাসের স্মৃতি রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করাও হয়ে ওঠে তাঁর অন্যতম লক্ষ্য। পরবর্তী সময়ে এই ইতিহাস বিজরিত সমাধির পরিচর্যার পাশাপাশি খোশবাগের পরিকাঠামো উন্নয়নের দাবিতেও সরব হয়েছেন সমর্পিতা। যাতায়াতের রাস্তা, আলোর ব্যবস্থা সহ সমাধিক্ষেত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন প্রশাসনিক মহলে চিঠি পাঠিয়েছেন তিনি।
 
সমর্পিতা দত্ত
 
তবে তাঁর উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্য রয়েছে হীরাঝিল। নবাব আলীবর্দী খাঁ তাঁর প্রিয় নাতি সিরাজউদ্দৌলার জন্য মনসুরগঞ্জ প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন। যা পরবর্তীকালে হীরাঝিল নামে পরিচিতি পায়। ভাগীরথীর ভাঙনে বিলীন হয়েছে একসময়কার এই প্রাসাদের বিরাট অংশ। তাই তিনি মনে করেন, যেটুকু অবশিষ্ট ধ্বংসাবশেষ রয়েছে তা যথাযথভাবে সংরক্ষিত না হলে বাংলার ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 
ইতিহাসকে ধরে রাখতে স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে সমর্পিতা গড়ে তোলেন ‘হীরাঝিল বাঁচাও কমিটি’। এই কমিটির মাধ্যমে ধ্বংসাবশেষ পরিষ্কার, জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রশাসনের কাছে সংরক্ষণের দাবি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। কারণ, ঐতিহাসিক স্থাপনাটির গুরুত্ব বৃহত্তর পরিসরে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। হীরাঝিলের অবশিষ্ট অংশ রক্ষার দাবি একসময় আইনি লড়াইয়ের পর্যায়েও পৌঁছয়।
 
২০২৫ সালের মার্চে ঐতিহাসিক স্থাপনাটির বর্তমান অবস্থা পরিদর্শন ও সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের জেলাশাসকের নেতৃত্বে একটি পরিদর্শন কমিটি গঠনের নির্দেশ দেয়। এই প্রক্রিয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধি এবং রাজ্য হেরিটেজ কমিশনের প্রতিনিধিদের যুক্ত করার কথাও বলা হয়। আদালতের এই নির্দেশে হীরাঝিল সংরক্ষণের প্রশ্নটি নতুন করে গুরুত্ব পায়। 
 
মুর্শিদাবাদে অবস্থিত খোশবাগ স্মৃতিস্থল
 
২০২৬ সালে খোশবাগের প্রবেশদ্বারের সামনে নবাব সিরাজউদ্দৌলার একটি মর্মরমূর্তি স্থাপনের পরিকল্পনা করেন সমর্পিতা। সেই উদ্দেশ্যে ডাহাপাড়া পঞ্চায়েতের কাছে জায়গার আবেদন করা হয়েছিল। আবেদন গ্রহণের পর কাজও শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু প্রয়োজনীয় হেরিটেজ অনুমতি না থাকার কথা জানিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর বিষয়টি জানতে চেয়ে জেলা হেরিটেজ বিভাগে লিখিত আবেদন জানান সমর্পিতা। জেলা পরিষদ ও সেচ দফতরেও আবেদনের প্রতিলিপি পাঠানো হয়। তাঁর বক্তব্য, মূর্তি স্থাপনের উদ্দেশ্য ছিল প্রতীকী। বাংলার শেষ স্বাধীন নবাবকে যেন মানুষ বিস্মৃত না হন। নতুন প্রজন্মের সামনে ইতিহাসের এই অধ্যায়কে তুলে ধরাই ছিল তাঁর মূল ভাবনা।
 
ইতিহাসের বইয়ে সিরাজউদ্দৌলার নাম রয়েছে, পলাশীর যুদ্ধ নিয়ে আলোচনা হয় এমনকি  নবাবি আমলের উত্থান-পতন নিয়ে গবেষণাও চলে। কিন্তু সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা সমাধি, প্রাসাদ ও স্থাপত্যগুলি যদি একে একে হারিয়ে যায়, তাহলে আগামী প্রজন্ম বাস্তব নিদর্শনের মধ্য দিয়ে অতীতকে চিনবে কীভাবে? সমর্পিতার প্রশ্নটা ঠিক এই জায়গায়। সমর্পিতার এই ইতিহাস রক্ষার লড়াই কতটা সফল হবে, তা সময়ই বলবে। তবে তাঁর উদ্যোগে হয়ত স্মৃতিচিহ্নগুলিকেও রক্ষা করা যাবে।


শেহতীয়া খবৰ