ট্রাম্পের ১৭ শতাংশ শুল্কের প্রস্তাবে ফাঁদ? আমেরিকার বাজার পেতে কতটা আপস করবে ভারত, প্রশ্ন অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়েই!

Story by  atv | Posted by  Aparna Das • 8 m ago
ট্রাম্পের ১৭ শতাংশ শুল্কের প্রস্তাবে ফাঁদ? আমেরিকার বাজার পেতে কতটা আপস করবে ভারত, প্রশ্ন অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়েই!
ট্রাম্পের ১৭ শতাংশ শুল্কের প্রস্তাবে ফাঁদ? আমেরিকার বাজার পেতে কতটা আপস করবে ভারত, প্রশ্ন অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়েই!
 
রাজীব নারায়ণ

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলে ভারতীয় রফতানিকারকদের সামনে খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দরজা। কিন্তু ওয়াশিংটন যখন একদিকে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে চুক্তি হলে ১৭ শতাংশ শুল্কের প্রস্তাব দিচ্ছে, তখন নয়াদিল্লিকে একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এটি কি দুই সমমর্যাদার অংশীদারের মধ্যে আলোচনা, নাকি বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার শর্তে ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে আপস করানোর চেষ্টা? শুল্কের হার কমা অবশ্যই স্বস্তির বিষয় হতে পারে, কিন্তু সেটাই যে একটি ভালো চুক্তির প্রমাণ, তা নয়।
 
চলতি সপ্তাহের শুরুতে উৎপাদন ক্ষেত্রে ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা’ (Structural Excess Capacity) রয়েছে বলে অভিযোগ তুলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয় আমেরিকা। পাশাপাশি, মার্কিন তদন্তে উঠে আসা বিষয়গুলির সমাধান করে ভারত যদি পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়, তাহলে শুল্কের হার ১৭ শতাংশে নামিয়ে আনার সম্ভাবনার কথাও জানায় ওয়াশিংটন। গতকাল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, চুক্তিটি ‘চূড়ান্ত হওয়ার কাছাকাছি’ এবং তা বাস্তবায়নের পথও ক্রমশ স্পষ্ট হচ্ছে।
শুনতে বিষয়টি অগ্রগতির ইঙ্গিত দিলেও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। ২৫ শতাংশ শুল্কের বিষয়টি চলতি সপ্তাহে নতুন করে কার্যকর হওয়া কোনও শুল্ক নয়, এটি নিছকই একটি প্রস্তাব। পাশাপাশি, বিভিন্ন পণ্যের ক্ষেত্রে ছাড় এবং আগে থেকে চালু থাকা শুল্কের বিষয়টিও বিবেচনা করতে হবে। অন্যদিকে, ১৭ শতাংশ শুল্কের প্রস্তাবও নিঃশর্ত কোনও ছাড় নয়। এর সঙ্গে জুড়ে রয়েছে এমন একটি চুক্তি, যার শর্তাবলি এখনও প্রকাশ করেনি ভারত। আশঙ্কা এখানেই, শুল্কের হুমকি থেকে মুক্তি পাওয়াকেই বড় সাফল্য হিসেবে তুলে ধরা হতে পারে, অথচ তার বিনিময়ে ভারতকে কী মূল্য দিতে হচ্ছে, সেই প্রশ্ন আড়ালেই থেকে যেতে পারে।
 
বাজারে প্রবেশের মূল্য
 
আমেরিকার বাজারের গুরুত্ব অস্বীকার করার কোনও সুযোগ নেই। ভারতীয় রফতানির ক্ষেত্রে আমেরিকা সবচেয়ে বড় গন্তব্য। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আমেরিকায় ভারতের রফতানির পরিমাণ ৫৯.৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছর একই সময়ে ছিল ৫২ বিলিয়ন ডলার। বস্ত্র, রত্ন ও গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ, সামুদ্রিক খাদ্য এবং ছোট রফতানিনির্ভর শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য ভারতীয় কর্মসংস্থান এই বাজারের উপর নির্ভরশীল। এশিয়ার প্রতিযোগী দেশগুলির তুলনায় শুল্কের ক্ষেত্রে পিছিয়ে পড়লে ভারতীয় উৎপাদকদের বাণিজ্যিক প্রতিযোগিতার ক্ষমতাও দ্রুত কমে যেতে পারে।
 
 
প্রতীকী ছবি
 
তবে নির্ভরশীলতার বিষয়টি দুই দিক থেকেই প্রভাব ফেলে। আমেরিকা চায় ভারতীয় বাজারে তাদের পণ্য ও পরিষেবার প্রবেশাধিকার আরও বাড়াতে। অন্যদিকে, ভারতের লক্ষ্য নিজেদের রফতানির জন্য একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বাজার নিশ্চিত করা। আমেরিকার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ভারত থেকে তাদের পণ্য আমদানির পরিমাণ ছিল ১০৩.৮ বিলিয়ন ডলার। অন্যদিকে, ভারতে তাদের পণ্য রফতানির পরিমাণ ছিল ৪৫.৬ বিলিয়ন ডলার। দুই দেশের বাণিজ্যের এই ব্যবধান যথেষ্ট বড়। কিন্তু বাণিজ্য ঘাটতি মানেই কোনও অন্যায় হয়েছে, এমন নয়। আর সেই ঘাটতিকে অজুহাত করে অন্য একটি দেশের শিল্পনীতির উপর শর্ত চাপিয়ে দেওয়ার অধিকারও কারও নেই। আন্তর্জাতিক বাণিজ্য কোনও একটি দেশের অন্য দেশের প্রতি দয়া বা অনুগ্রহ নয়।
 
মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর (USTR) ভারতের উৎপাদন-সংযুক্ত প্রণোদনা বা পিএলআই (PLI) প্রকল্প, উৎপাদন নীতি এবং চিনা উপকরণের ব্যবহারের সমালোচনা করেছে। তাদের দাবি, এই নীতিগুলি উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখছে। তবে ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, দেশের কোনও শিল্পক্ষেত্রেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। ভারত সরকারের বক্তব্য, ‘মেক ইন ইন্ডিয়া’ এবং পিএলআই প্রকল্প দেশের উন্নয়ন কৌশলের অংশ। এর উদ্দেশ্য উৎপাদন বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ করা এবং কর্মসংস্থান তৈরি করা। এই প্রকল্পগুলির পর্যালোচনা হতে পারে, প্রয়োজনে সংস্কারও করা যেতে পারে। কিন্তু কোনও একটি বাণিজ্যিক অংশীদার প্রতিযোগিতার মুখে পড়ে অসন্তুষ্ট বলেই ভারতের এই নীতিগুলি পরিত্যাগ করা উচিত নয়।
 
প্রতীকী ছবি
 
ভারতের প্রকৃত সীমারেখা কোথায়?
 
এই বাণিজ্য চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে কৃষিক্ষেত্র। আমেরিকার বাজারে প্রবেশাধিকারের আলোচনায় দুগ্ধজাত পণ্য, খাদ্যসামগ্রী এবং জেনেটিক্যালি মডিফায়েড বা জিএম ফসল সংক্রান্ত দাবি উঠে এসেছে। আমেরিকার কাছে এগুলি বাণিজ্য সম্প্রসারণের সুযোগ। কিন্তু ভারতের কাছে বিষয়গুলি কোটি কোটি ক্ষুদ্র কৃষক ও দুগ্ধ উৎপাদকের জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িত। এমন কোনও চুক্তি, যা দেশের দুর্বল উৎপাদকদের এমন প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে, যার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা তাঁদের নেই, তার প্রভাব রফতানিকারকদের আর্থিক হিসাবের বাইরেও বহুদূর পর্যন্ত পৌঁছতে পারে।
 
এর অর্থ এই নয় যে ভারতীয় কৃষিক্ষেত্রকে চিরকাল প্রতিযোগিতা থেকে আড়াল করে রাখতে হবে, কিংবা দেশের প্রতিটি শিল্পকে অনির্দিষ্টকাল সুরক্ষা দিতে হবে। সস্তায় আমদানি, প্রযুক্তি এবং প্রতিযোগিতা থেকে উপকৃত হতে পারেন দেশের সাধারণ ক্রেতা ও উৎপাদনকারীরাও। তবে উদারীকরণের প্রক্রিয়া হতে হবে পরিকল্পিত, পারস্পরিক স্বার্থনির্ভর এবং ধাপে ধাপে বাস্তবায়িত। এর ভিত্তি হওয়া উচিত বাস্তব তথ্যপ্রমাণ ও দেশের নিজস্ব সক্ষমতা, কোনও শুল্কের হুমকি থেকে তৈরি হওয়া সময়সীমা নয়।
 
প্রতীকী ছবি
 
একই নীতি উৎপাদন শিল্পের ক্ষেত্রেও প্রযোজ্য। ভারত চায় আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে (Global Supply Chain) একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে। শুধু অন্য দেশের পণ্যের জন্য বড় বাজার হয়ে থাকাই ভারতের লক্ষ্য নয়। যদি এই আলোচনা ভারতের দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে দুর্বল করে, বৈধ মানদণ্ড শিথিল করতে বাধ্য করে অথবা দেশের নিজস্ব নীতিনির্ধারণের স্বাধীনতা খর্ব করে, তাহলে রফতানির ক্ষেত্রে তাৎক্ষণিক সুবিধা পাওয়ার বিনিময়ে দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কোনও চুক্তির উদ্দেশ্য হওয়া উচিত ভারতীয় সংস্থাগুলিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা, দেশীয় শিল্পকে সহায়তা করার ক্ষেত্রে সরকারকে দ্বিধাগ্রস্ত করে তোলা নয়।
 
সময়সীমার চাপে নয়, চাই ভারসাম্যপূর্ণ চুক্তি

এই চুক্তি থেকে বাস্তবিক কিছু লাভের সুযোগ অবশ্যই রয়েছে। দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল একটি চুক্তি বাণিজ্যিক অনিশ্চয়তা কমাতে পারে, বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে পারে, পরিষেবা ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, বিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে আরও স্পষ্ট নীতিগত কাঠামো দিতে পারে। শুল্ক, শুল্ক ছাড়, কাস্টমস পদ্ধতি, পণ্যের মান এবং নিয়ন্ত্রক বাধার মতো দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলিরও সমাধান হতে পারে। ভারতের উচিত কঠোর দর-কষাকষি করা এবং কেবল সেখানেই যুক্তিসংগত ছাড় দেওয়া, যেখানে তার বিনিময়ে পরিমাপযোগ্য সুবিধা পাওয়া যাবে।
 
প্রতীকী ছবি
 
কিন্তু পারস্পরিক সুবিধার অর্থ কখনওই এমন হতে পারে না যে ভারত নিজের বাজারের বাধা কমাবে, অথচ আমেরিকা অসন্তুষ্ট হলেই শুল্ক বাড়ানোর ক্ষমতা নিজেদের হাতে রাখবে। যে কোনও চুক্তিতে বিভিন্ন ক্ষেত্রের ছাড়, সুরক্ষামূলক ব্যবস্থা, পণ্যের উৎপত্তি সংক্রান্ত নিয়ম, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি এবং কোন পরিস্থিতিতে শুল্ক পরিবর্তন করা যাবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। জনস্বার্থে প্রয়োজনীয় নিয়মকানুন তৈরির অধিকার সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি, যেসব ক্ষেত্র প্রতিযোগিতার চাপে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। সংসদ, শিল্পমহল এবং কৃষকদের কাছে স্পষ্ট হতে হবে, এই চুক্তির বিনিময়ে ভারত কী ছাড় দিচ্ছে এবং কী সুবিধা অর্জন করছে।
 
এশিয়ার যেসব দেশের পণ্যের উপর ১৮ বা ২০ শতাংশ শুল্ক রয়েছে, তাদের তুলনায় ১৭ শতাংশ শুল্ক ভারতকে সামান্য প্রতিযোগিতামূলক সুবিধা দিতে পারে। কিন্তু এই হারেও ভারতীয় রফতানিকারকদের উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক দিতে হবে। প্রতিযোগিতার সক্ষমতা কেবল একটি শুল্কের সংখ্যার উপর নির্ভর করে না। পণ্য পরিবহণ ব্যবস্থা, উৎপাদনশীলতা, গুণমান, উৎপাদনের পরিমাণ এবং নীতিগত স্থিতিশীলতাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি, আজ যে বিশেষ শুল্কের সুবিধা পাওয়া যাচ্ছে, আগামীকাল তা রাজনৈতিক চাপের মুখে বদলে যাবে না, এমন নিশ্চয়তাও ভারতের হাতে নেই।
 
প্রতীকী ছবি
 
ভারতের আশাবাদী মনোভাবের যথেষ্ট কারণ থাকতে পারে। দুই দেশ যদি একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির কাছাকাছি পৌঁছে থাকে, তাহলে সেই সুযোগ কাজে লাগানো উচিত। কিন্তু দ্রুত চুক্তি সম্পন্ন করাকেই সাফল্য কিংবা শুল্কের হুমকি থেকে সাময়িক স্বস্তি পাওয়াকেই বিজয় বলে মনে করা উচিত নয়। প্রকৃত সাফল্যের মাপকাঠি হবে, এই চুক্তি ভারতের বাণিজ্য সম্প্রসারণে কতটা সাহায্য করছে, অথচ দেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কতটা অক্ষুণ্ণ রাখছে।
 
ভারতের আমেরিকার বাজার প্রয়োজন। একইভাবে, আমেরিকারও ভারতীয় পণ্য, পরিষেবা এবং একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদার প্রয়োজন। দুই সমমর্যাদার দেশের মধ্যে আলোচনার ভিত্তি হওয়া উচিত এই পারস্পরিক নির্ভরশীলতা। নয়াদিল্লির উচিত খুঁটিনাটি বিষয়ে সমঝোতা করা, কিন্তু দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দিশার সঙ্গে আপস না করা। শুল্কের হুমকি কোনও বাণিজ্য কৌশল হতে পারে না। আর ১৭ শতাংশ শুল্কের সুবিধা যদি ভারতের অর্থনৈতিক স্বায়ত্তশাসনের বিনিময়ে অর্জন করতে হয়, তাহলে সেই চুক্তি কোনওভাবেই লাভজনক নয়।
 
(লেখক প্রবীণ সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ।)


শেহতীয়া খবৰ