দুর্যোগে পিছিয়েছে জগদ্ধাত্রীর শোভাযাত্রা, তিন দিনের বাড়তি অপেক্ষায় চন্দননগরের বারোয়ারিগুলির খরচ বাড়ল প্রায় ২ কোটি!

Story by  atv | Posted by  Aparna Das • 13 h ago
দুর্যোগে পিছিয়েছে জগদ্ধাত্রীর শোভাযাত্রা, তিন দিনের বাড়তি অপেক্ষায় চন্দননগরের বারোয়ারিগুলির খরচ বাড়ল প্রায় ২ কোটি!
দুর্যোগে পিছিয়েছে জগদ্ধাত্রীর শোভাযাত্রা, তিন দিনের বাড়তি অপেক্ষায় চন্দননগরের বারোয়ারিগুলির খরচ বাড়ল প্রায় ২ কোটি!
 
চন্দননগর

প্রাকৃতিক দুর্যোগের জেরে তিন দিন পিছিয়ে গিয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যবাহী শোভাযাত্রা। বৃহস্পতিবার যে বর্ণাঢ্য শোভাযাত্রা হওয়ার কথা ছিল, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে তা অনুষ্ঠিত হবে রবিবার। শহরবাসীর অনেকেই মজা করে বলছেন, মা এবার চন্দননগরে আরও কয়েকটা দিন বেশি থাকতে চেয়েছেন। কিন্তু এই বাড়তি অপেক্ষার আনন্দের পিছনেই এখন বড়সড় আর্থিক চাপের মুখে পুজো উদ্যোক্তারা।

শোভাযাত্রা ও বিসর্জন পিছিয়ে যাওয়ায় মণ্ডপে প্রতিমা রাখা, আলোকসজ্জা এবং শোভাযাত্রার প্রস্তুতি ধরে রাখার খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। সব বারোয়ারির হিসাব একসঙ্গে ধরলে অতিরিক্ত ব্যয়ের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় দেড় থেকে দু’কোটি টাকা। কীভাবে এই বাড়তি খরচ সামাল দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটির মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। কোথা থেকে অর্থের জোগান আসবে, তা নিয়ে চলছে হিসাব-নিকাশ।
 
এই আর্থিক চাপের বড় কারণ শোভাযাত্রার জন্য ভাড়া নেওয়া লরি। পুজো উদ্যোক্তাদের হিসাব অনুযায়ী, একেকটি বারোয়ারির শোভাযাত্রায় সাধারণত তিন থেকে চারটি লরি ব্যবহার করা হয়। কোনও লরিতে থাকে আলোর বিশেষ থিম, কোনওটিতে থাকে চোখধাঁধানো আলোকসজ্জা। আর একটি লরিতে সুসজ্জিত অবস্থায় থাকে দেবী জগদ্ধাত্রীর প্রতিমা। ষষ্ঠীর দিন থেকেই লরিগুলি পুজো মণ্ডপে চলে আসে। এরপর শুরু হয় আলো দিয়ে সাজানোর কাজ।
 
সাধারণত চার থেকে পাঁচ দিনের জন্য প্রতিটি লরির ভাড়া গড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা। অর্থাৎ দৈনিক ভাড়া প্রায় পাঁচ হাজার টাকা। কিন্তু শোভাযাত্রা তিন দিন পিছিয়ে যাওয়ায় সেই লরিগুলিকে অতিরিক্ত সময় ধরে রাখতে হচ্ছে। ফলে প্রতিটি লরির জন্য বাড়তি ১২ থেকে ১৫ হাজার টাকা গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। দরদাম করার পরেও চারটি লরির ক্ষেত্রে অতিরিক্ত খরচের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা।
 
শুধু বারোয়ারিগুলিই নয়, বাড়তি দিন দোকান চালাতে গিয়ে অতিরিক্ত ভাড়ার বোঝা সামলাতে হচ্ছে ব্যবসায়ীদেরও। ফলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব শুধু শোভাযাত্রার দিনক্ষণেই সীমাবদ্ধ থাকেনি, ছাপ ফেলেছে চন্দননগরের পুজো অর্থনীতিতেও। দেবীকে আরও কয়েক দিন শহরে ধরে রাখার আনন্দের পাশাপাশি এখন উদ্যোক্তাদের বড় চিন্তা, কীভাবে এই বাড়তি আর্থিক চাপ সামলে ঐতিহ্যের শোভাযাত্রা সম্পন্ন করা যায়।


শেহতীয়া খবৰ