উর্দির আড়ালে মানবিক মুখ! জঙ্গলে আশ্রয় নেওয়া অসহায় বৃদ্ধাকে নতুন জীবনের ঠিকানা দিলেন পুলিশ আধিকারিক

Story by  atv | Posted by  Aparna Das • 1 h ago
উর্দির আড়ালে মানবিক মুখ! জঙ্গলে আশ্রয় নেওয়া অসহায় বৃদ্ধাকে নতুন জীবনের ঠিকানা দিলেন পুলিশ আধিকারিক
উর্দির আড়ালে মানবিক মুখ! জঙ্গলে আশ্রয় নেওয়া অসহায় বৃদ্ধাকে নতুন জীবনের ঠিকানা দিলেন পুলিশ আধিকারিক
 
তপন রায় / শিলিগুড়ি 

পুলিশের কাজ শুধু অপরাধ দমন কিংবা আইনশৃঙ্খলা রক্ষা নয়, কখনও কখনও মানবিকতার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোও যে পুলিশের অন্যতম দায়িত্ব, তা আরও একবার প্রমাণ করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার গজলডোবা আউটপোস্টের ওসি রাসবিহারী সাহা।
 
জানা গিয়েছে, রাসবিহারী সাহার কাছে খবর আসে, উত্তর মান্তাদারিতে দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে জঙ্গলের মধ্যে একটি ফাঁকা জমিতে ছাপরা তৈরি করে বসবাস করছেন এক বৃদ্ধা। নেই মাথার ওপর পাকা ছাদ, নেই পরিবারের কেউ। গ্রামবাসীরা মাঝেমধ্যে যা খাবার দেন, তা দিয়েই কোনওরকমে দিন কাটে তাঁর।
 
অসহায় বৃদ্ধার পাশে শিলিগুড়ির পুলিশ আধিকারিক রাসবিহারী সাহা
 
খবর পাওয়ার পর আর দেরি করেননি ওসি রাসবিহারী সাহা। নিজেই পৌঁছে যান ওই এলাকায়। সেখানে গিয়ে বৃদ্ধার দুরবস্থা দেখে কার্যত মন ভারাক্রান্ত হয়ে পড়ে তাঁর। ঝড়, বৃষ্টি কিংবা কনকনে শীত, প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই দিন কাটছিল বৃদ্ধার।
 
শুধু তাই নয়, বৃদ্ধার কিছুটা মানসিক সমস্যাও রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কেও স্পষ্টভাবে কিছু জানাতে পারছিলেন না তিনি।
 
এরপরই ওই বৃদ্ধার পাশে দাঁড়াতে উদ্যোগী হন গজলডোবা পুলিশ ফাঁড়ির ওসি রাসবিহারী সাহা। যোগাযোগ করেন ভক্তিনগরের শ্রদ্ধা ওয়েলফেয়ারের সঙ্গে। পরবর্তীতে বৃদ্ধাকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়, যাতে তাঁর যথাযথ পরিচর্যা, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা যায়। তাঁর এই মানবিক সহায়তা প্রদান করায় নতুন জীবন ফিরে পেলেন এক বৃদ্ধ। তবে ওই বৃদ্ধা কোথাকার বাসিন্দা, তাঁর পরিবারের কেউ আদৌ রয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।
 
পুলিশ আধিকারিকের এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই মন ছুঁয়েছে এলাকার মানুষের। উর্দির দায়িত্বের পাশাপাশি মানবিকতার পরিচয় দিয়ে আরও একবার প্রশংসায় পশ্চিমবঙ্গ পুলিশের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার গজলডোবা পুলিশ ফাঁড়ি।


শেহতীয়া খবৰ