হাতেই সম্পূর্ণ কুরআন শরীফ লিখলেন বসিরহাটের কন্যা, নিজের লেখা কোরআন শরীফ খুদে হাফেজকে উপহার দিয়ে ইতিহাস গড়লেন আমামা
Story by Tarun Nandi | Posted by Aparna Das • 3 d ago
হাফেজা আলেমা আমামা সুলতানার নিজের হাতে লেখা কোরআন শরীফ
তরুণ নন্দী / কলকাতা
নিজের হাতে সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফ লিখে নজির গড়লেন বসিরহাটের কন্যা। পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রমে হাতে লেখা হল কোরআন। কোনো আধুনিক মুদ্রণ যন্ত্র বা কম্পিউটারে নয়, নিজের হাতেই স্রষ্টার প্রতি অগাধ ভালোবাসাকে সম্বল করে এই অসাধ্য সাধন করলেন বসিরহাটের হাফেজা আলেমা আমামা সুলতানা।
টানা পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতায় সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফ হাতে লিখে এক অনন্য নজির গড়লেন এই তরুণী। ডিজিটাল যুগে দাঁড়িয়ে তাঁর এই মহৎ কীর্তি নিয়ে এখন মেতে রয়েছেন ধর্মপ্রাণ মানুষজন।
মালতীপুর দক্ষিণপাড়ার বাসিন্দা আমামা সুলতানা মালতীপুর মাদ্রাসা মাহাদ-ই-সাফিয়্যাহ লিল বানাত-এর প্রাক্তন ছাত্রী এবং বর্তমানে সেই প্রতিষ্ঠানেরই শিক্ষিকা। এই কৃতি শিক্ষিকার সঙ্গে কথা বলে জানা গেল, ছোটবেলা থেকেই মনের কোণে একটা সুপ্ত স্বপ্ন পুষে রেখেছিলেন তিনি। ইচ্ছে ছিল সময় সুযোগ হলে নিজের হাতে লিখবেন আল্লাহর বাণী। অবশেষে শুরু হয় সেই অগ্নিপরীক্ষা।
বিগত পাঁচটা মাস ধরে পার্থিব জগতের সমস্ত কোলাহল আর ব্যস্ততা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। প্রতিদিন নিয়ম করে লক্ষ্যপূরণে টেবিলে বসেছেন আমামা। একটি হরফ বা একটা নুকতাও যেন ভুল না হয় তার জন্য প্রতিটা পৃষ্ঠা লেখার পর বারবার মিলিয়েছেন। বলা ভালো, তাজবীদের নিখুঁত নিয়ম মেনে প্রতিটি আয়াতের নান্দনিক সৌন্দর্য বজায় রেখে সাদা পাতায় কালো কালির আঁচড়ে লিখেছেন পবিত্র কোরআনের ৩০টি পারা। আমামার কথায়, “এটা শুধু কোনো সাধারণ লেখালেখি নয়, এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ইবাদত।”
হাফেজা আলেমা আমামা সুলতানার নিজের হাতে লেখা কোরআন শরীফ
সবচেয়ে বড় বিষয়টি হল, আমামা নিজের পরিশ্রমে তৈরি এই অমূল্য কোরআন শরীফ কিন্তু মোটেও নিজের কাছে রেখে দেননি। তিনি হিফজ সম্পন্ন করা এক খুদে হাফেজ, মোহাম্মদ বিন মুনিরের হাতে উপহার হিসেবে তুলে দেন তাঁর এই সৃষ্টি। এক হাফেজার হাতের পরম মমতায় লেখা কোরআন যখন আরেক খুদে হাফেজের বুকে আশ্রয় পেল, তখন উপস্থিত মাদ্রাসা কমিটির কর্মকর্তা, বিশিষ্ট আলেম-উলামা ও সাধারণ মানুষ কুর্নিশ জানালেন এই কৃতি কন্যাকে।
প্রত্যেকেই বাহবা দিলেন আলেমা আমামা সুলতানাকে। মাদ্রাসার সম্পাদক কারী মাহমুদ গর্বিত কণ্ঠে বলেই দিলেন, আমামা শুধু আমাদের মাদ্রাসার গর্ব নয়, রীতিমত গোটা বসিরহাটের মানুষের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই ধৈর্য আর একাগ্রতা বর্তমান প্রজন্মের কাছে এক জ্বলন্ত অনুপ্রেরণা হয়ে উঠবে।
হাফেজা আলেমা আমামা সুলতানার নিজের হাতে লেখা কোরআন শরীফ
আমামার এই অবিশ্বাস্য কৃতিত্বের গুঞ্জন এখন শোনা যাচ্ছে এলাকার অলিতে গলিতে। নেটদুনিয়া আর এআইয়ের যুগে দাঁড়িয়েও আমামা সুলতানা প্রমাণ করে দিলেন, নিষ্ঠা আর অদম্য ইচ্ছা থাকলে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করা যায়। প্রয়োজন শুধু লক্ষ্য স্থির করে কাজে নেমে পড়া। অনেক ধর্মাবল্বীরা বলছেন, তাঁর এই হাতে লেখা পবিত্র কোরআন শরীফ যে ইতিমধ্যেই গোটা জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে তা বলাই বাহুল্য।