১৫ বছরেই বিশ্বরেকর্ড! সচিনকে টপকে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, অর্ধশতক উৎসর্গ করলেন মাকে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 15 h ago
১৫ বছরেই বিশ্বরেকর্ড! সচিনকে টপকে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, অর্ধশতক উৎসর্গ করলেন মাকে
১৫ বছরেই বিশ্বরেকর্ড! সচিনকে টপকে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, অর্ধশতক উৎসর্গ করলেন মাকে
 
হারারে: 

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে অর্ধশতক করে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ফিফটির নজির গড়েছেন তিনি। এই কীর্তিতে ভেঙে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ৩৭ বছরের পুরনো রেকর্ড।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০-তে জিম্বাবোয়েকে ৭ উইকেটে হারায় ভারত। ম্যাচের নায়ক বৈভব ৩১ বলে ঝোড়ো অর্ধশতক পূর্ণ করেন। ইনিংস শেষে নিজের ব্যাট তুলে দর্শকদের অভিবাদন জানানোর পাশাপাশি দুই হাতে ইংরেজি অক্ষর 'A'-এর প্রতীক তৈরি করেন। পরে জানা যায়, এটি তাঁর মা আরতি সূর্যবংশীর উদ্দেশে উৎসর্গ করা বিশেষ উদযাপন ছিল।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ বয়সে অর্ধশতকের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর ২১৩ দিন বয়সে ফিফটি করেছিলেন সচিন। বৈভব সেই রেকর্ড এক বছরেরও বেশি ব্যবধানে ভেঙে দিলেন। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও সর্বকনিষ্ঠ অর্ধশতকের মালিক হলেন তিনি।

শুধু সচিনই নন, বৈভব ভেঙেছেন নেপালের কুশল মল্লা এবং জিব্রাল্টারের লুই ব্রুস-এর বয়সভিত্তিক আন্তর্জাতিক রেকর্ডও। ক্রিকেটবিশ্বে তাঁকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

এদিকে, এই ম্যাচেই ভারতের হয়ে টি-২০ অভিষেক হয়েছে অশোক শর্মার। পরিসংখ্যান বলছে, বিদেশের মাটিতে ভারতের সবচেয়ে বেশি টি-২০ অভিষেক হয়েছে জিম্বাবোয়েতেই।


শেহতীয়া খবৰ