পাটনায় পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক্সে অসমের হাইলাকান্দির মেয়ে সুপর্ণার স্বর্ণজয়

Story by  Satananda Bhattacharjee | Posted by  Aparna Das • 15 h ago
পাটনায় পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক্সে অসমের হাইলাকান্দির মেয়ে সুপর্ণার স্বর্ণজয়
পাটনায় পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক্সে অসমের হাইলাকান্দির মেয়ে সুপর্ণার স্বর্ণজয়
 
শতানন্দ ভট্টাচার্য

বিহারের পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৭তম ইস্ট জোন জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস ২০২৬ এ হাইলাকান্দির ক্রীড়াঙ্গনে নতুন সাফল্যের সংযোজন করলেন প্রতিভাবান অ্যাথলেট সুপর্ণা দাস। প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৮ মহিলা ৩ কিলোমিটার দৌড়ে অসাধারণ পারফরম্যান্স করে স্বর্ণপদক অর্জন করেছেন হাইলাকান্দির এই প্রতিশ্রুতিবান ক্রীড়াবিদ।
 
২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিহারের পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এবারের পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য ও অঞ্চল থেকে প্রতিভাবান তরুণ-তরুণী অ্যাথলেটরা এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
 
বিহারের পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৭তম ইস্ট জোন জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস ২০২৬
 
কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সুপর্ণা দাস তাঁর দক্ষতা, গতি, সহনশীলতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে অনূর্ধ্ব-১৮ মহিলা ৩ কিলোমিটার দৌড়ে সেরার শিরোপা ছিনিয়ে নেন। সুপর্ণার এই সাফল্যে হাইলাকান্দির ক্রীড়ামহলে আনন্দের সৃষ্টি হয়েছে। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  শৈবাল সেনগুপ্ত ও সদস্যরা  সুপর্ণা দাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
 
হাইলাকান্দির একজন তরুণ অ্যাথলেটের পূর্বাঞ্চলীয় স্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন জেলার ক্রীড়াক্ষেত্রের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সুপর্ণার এই সাফল্য আগামী দিনে জেলার অন্যান্য তরুণ ক্রীড়াবিদদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন! উল্লেখ্য, হাইলাকান্দিতে অ্যাথলেটিক্সের প্রসারে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
 

জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা প্রতিভাবান ক্রীড়াবিদদের যথাযথ সুযোগ ও উৎসাহ প্রদান করা হলে তাঁরা রাজ্য তথা জাতীয় স্তরে জেলার নাম আরও উজ্জ্বল করতে পারবেন বলে ক্রীড়ামহলের অভিমত। সুপর্ণা দাসের এই স্বর্ণপদক জয় তাই শুধু ব্যক্তিগত সাফল্য নয়, হাইলাকান্দির ক্রীড়াঙ্গনের জন্যও এক উল্লেখযোগ্য গৌরবের মুহূর্ত। তাঁর এই সাফল্যে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। আগামী দিনে সুপর্ণা আরও বড় মঞ্চে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন এই প্রত্যাশাই এখন হাইলাকান্দির ক্রীড়ামহলের।
 
এদিকে সুপর্ণা দাসের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর কোচ রাজা দাস। পাটনা থেকে ফোনে জানান তাঁর আনন্দের কথা এবং আগামীতে হাইলাকান্দির এথলিটদের সাফল্যে তিনি আরো মনোনিবেশ করবেন বলে জানান যাতে এখানকার সুনাম বৃদ্ধি পায়।