গুয়াহাটি:
গ্লাসগোতে চলা কমনওয়েলথ গেমস ২০২৬-এ বক্সিংয়ে রুপোর পদক জয়ী অসমের তারকা বক্সার লভলিনা বরগোহাইকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, লভলিনার এই সাফল্য শুধু অসম নয়, গোটা দেশের গর্ব এবং আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা।
শনিবার গভীর রাতে সামাজিক মাধ্যম এক্স (X)-এ মুখ্যমন্ত্রী লিখেছেন,"অসমের গর্ব, ভারতের চ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ের জন্য লভলিনা বরগোহাইনকে আন্তরিক অভিনন্দন।"
তিনি আরও বলেন,"তুমি নতুন প্রজন্মের অসংখ্য ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করে চলেছ এবং প্রতিটি অসমবাসীকে গর্বিত করেছ। তোমার এই অসাধারণ সাফল্য উদযাপনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।"
উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সের পদকজয়ী লভলিনা বরগোহাই কমনওয়েলথ গেমসের মহিলাদের ৭০ কেজি বক্সিং বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার এমা-সু গ্রিনট্রি-র কাছে ১-৪ ব্যবধানে বিভক্ত রায়ে হেরে রুপোর পদক জেতেন। তাঁর এই সাফল্যে দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইছে।