তাইকোয়ান্দোতে থাইল্যান্ডে স্বর্ণ পদক পেলেন হাইলাকান্দির হামিদা নুর লস্কর

Story by  Satananda Bhattacharjee | Posted by  Aparna Das • 21 h ago
হামিদা নুর লস্কর
হামিদা নুর লস্কর
 
শতানন্দ ভট্টাচার্য

হাইলাকান্দির এক প্রত্যন্ত গ্রামের মেয়ে হামিদা নুর লস্কর। যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে থাকা উত্তর নারায়নপুর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা হামিদা নুর লস্কর তাইকোয়ান্দোতে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করে সমগ্র অসম রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। বর্তমানে হামিদা গুয়াহাটির সন্দিকৈ মহাবিদ্যালয়ে বি এ পড়ছে। হামিদা কৃষিকাজ ও খেলাধুলা উভয় ক্ষেত্রেই কাজ করে হাইলাকান্দিতে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন অনেক আগেই।
 
হামিদা নূর থাইল্যান্ডের পাটায়া শহরে অনুষ্ঠিত ৯ম হিরোস তাইকোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে নিজের বিভাগে স্বর্ণপদক জিতেছেন। হাইলাকান্দি জেলার আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের উত্তর নারায়ণপুর দ্বিতীয় খণ্ড গ্রামের সর্বস্তরের বাসিন্দা কন্যা হামিদার এই আন্তর্জাতিক সাফল্যে গৌরবান্বিত।
 
হামিদা নুর লস্কর
 
হামিদা নূর লস্করের পিতা হানান উদ্দিন লস্কর এবং মা জাহানারা বেগম লস্কর দুজনেই খুব খুশি। যে খেলায় মেয়ে স্বর্ণপদক পেয়েছে এই খেলা নিয়ে তারা দুজনেই অজ্ঞ। একথা সকলের সামনেই তাঁরা স্বীকার করেছেন তবু তাঁরা মেয়ের সফলতায় গর্বিত কারণ প্রত্যন্ত গ্রাম, জেলা এবং রাজ্যের নাম উজ্জ্বল করেছে তাঁদের মেয়ে। 
 
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে হামিদা নূর আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জিতে প্রমাণ করেছেন যে, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম দিয়ে সাফল্য সম্ভব, এটাই মন্তব্য মা বাবাসহ প্রত্যেক গ্রামবাসীর।
 
হামিদা নূর লস্কর সমগ্র হাইলাকান্দি জেলা এবং আসামের জনগণের একজন গর্ব, বলেন গ্রামেরই এক বাসিন্দা সাইদুর রহমান চৌধুরী। তিনি বলেন যে এত প্রত্যন্ত এলাকা থেকে যদি একটি মেয়ে বিদেশে গিয়ে স্বর্ণপদক লাভ করতে পারে তাহলে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নিশ্চয়ই মেয়েরা পারবে তবে এজন্যে দরকার যথেষ্ট পরিমাণ শিক্ষা ও দক্ষতা অর্জন করা। 
 

হামিদাও তাঁর সাফল্যের পেছনে নিজের মা-বাবা ও প্রশিক্ষকের যথেষ্ট অবদান রয়েছে বলে উল্লেখ করেন। হামিদা তাঁর গ্রামেরই একটি স্কুলে নিয়েছে তারপর হাইলাকান্দির জওহর নবোদয় বিদ্যালয় থেকে পাস করে বর্তমানে গুয়াহাটিতে স্নাতক স্তরে পড়াশুনা করছে। তাইকোয়ান্দোতে আগামীতে আরও সাফল্য পেতে সে বর্তমানে অনুশীলন চালিয়ে যাচ্ছে।