ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বোর্ড একাদশে ভারতীয় অনিক দেব বর্মা
ঢাকা:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশে জায়গা পেলেন ত্রিপুরার ছেলে ভারতীয় তরুণ পেসার অনিক দেব বর্মা। বৃহস্পতিবার, ২২ অক্টোবর থেকে ঢাকার বসুন্ধরা এলাকার আনভির ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এই প্রস্তুতি ম্যাচ। আসন্ন টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ক্যারিবীয় দল।
বিসিবি ঘোষিত ১৪ সদস্যের দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণ রয়েছে। জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জাকের আলি অনিক ও শামীম হোসেনের। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া একাধিক ক্রিকেটারও দলে সুযোগ পেয়েছেন। সিলেট বিভাগের হয়ে চলতি জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে অনিক দেব বর্মার। প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
দলে জায়গা পাওয়া অনিক ছাড়াও পেসার আবদুল হালিম এবং রংপুরের পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান রয়েছেন। ব্যাটিং বিভাগে উল্লেখযোগ্য নাম মহফিজুল ইসলাম রবিন ও জিসান আলম। চলতি জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের হয়ে রবিন একটি শতরান ও দুটি অর্ধশতরান করেছেন। দলে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের দুই ক্রিকেটারকেও রাখা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর ঢাকার মিরপুরে। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ৫ নভেম্বর সিলেটে। এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। প্রস্তুতি ম্যাচে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়ার সুযোগ পাবেন বিসিবি একাদশের তরুণ ক্রিকেটাররা।