এশিয়ান প্যারা গেমসে তিরন্দাজিতে সাফল্যের নতুন নজির গড়ল ভারত। কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন শীতল দেবী ও তোমন কুমার। অন্যদিকে, মহিলাদের ব্যক্তিগত W1 বিভাগে রুপো জিতে ইতিহাস সৃষ্টি করলেন স্বাতী চৌধুরী। এশিয়ান প্যারা গেমসের তিরন্দাজিতে এই প্রথম W1 বিভাগে পদক পেল ভারত।
বৃহস্পতিবার ফাইনালে ইন্দোনেশিয়ার তেওদোরা অডি আয়ুদিয়া ফেরেলি ও কেন স্বাগুমিলাংকে ১৫১-১৪৮ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করেন শীতল ও তোমন। চলতি প্রতিযোগিতায় তিরন্দাজিতে ভারতের এটি প্রথম সোনা। এর আগে মহিলাদের কম্পাউন্ড ডাবলস বিভাগে রুপো জিতেছিলেন শীতল ও পায়েল নাগ। দুই হাত ছাড়াই জন্মানো শীতল এবং চারটি অঙ্গ হারানো পায়েলের লড়াই নজর কেড়েছিল।
বিশ্বচ্যাম্পিয়ন শীতল ও তোমন যোগ্যতা নির্ধারণী পর্বে বিশ্বরেকর্ড ভেঙে ফাইনালে উঠেছিলেন। ফাইনালের প্রথম পর্বে ৩৮-৩৭ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় পর্বে ব্যবধান বাড়িয়ে ৭৭-৭৩ করেন তাঁরা। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার জুটি লড়াইয়ে ফিরতে চেষ্টা করলেও ভারতীয় জুটির জয় আটকাতে পারেনি। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে রাকেশ কুমারের সঙ্গে মিক্সড টিমে সোনা জিতেছিলেন শীতল। এ বার তোমনের সঙ্গে জিতে টানা দ্বিতীয়বার এই ইভেন্টে সেরা হলেন তিনি।
তবে সোনার পথে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় ভারতীয় জুটিকে। সেমিফাইনালে চিনা তাইপের বিরুদ্ধে তোমনের শেষ তির লক্ষ্যভ্রষ্ট হয়ে শূন্য পয়েন্ট হয়। সেই ধাক্কা সামলেও শীতলের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ১৪২-১৪১ পয়েন্টে জিতে ফাইনালে পৌঁছন তাঁরা।
দুই হাত ছাড়াই জন্মানো শীতল পা ও পায়ের আঙুলের সাহায্যে ধনুক স্থির করেন। কাঁধ ও চোয়ালের সাহায্যে টেনে ধরেন ধনুকের ছিলা এবং ছোড়েন তির। তাঁর অসাধারণ দক্ষতাই সেমিফাইনালে ভারতকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিল।
অন্যদিকে, ৩১ বছর বয়সি তোমন কুমার ছত্তিশগড়ের বালোদের নওয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি সিআরপিএফের কর্মরত জওয়ান এবং একসময় কোবরা কমান্ডো ছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঝাড়খণ্ডের লোহরদাগায় মাওবাদীবিরোধী অভিযানের সময় আইইডি বিস্ফোরণে তাঁর বাঁ পা বাদ দিতে হয়। পরবর্তী সময়ে প্যারা তিরন্দাজিতে যোগ দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে ২০২৫ সালে বিশ্বচ্যাম্পিয়ন হন এবং পুরুষদের কম্পাউন্ড বিভাগে বিশ্বের এক নম্বর তিরন্দাজের স্থান অর্জন করেন।
এ দিন মহিলাদের ব্যক্তিগত W1 বিভাগের ফাইনালে চিনের সেন মেংকানের কাছে ৪-৬ পয়েন্টে হেরে রুপো জেতেন স্বাতী চৌধুরী। প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে জিতে ৪-২ ব্যবধানে এগিয়েও শেষ পর্যন্ত খেতাব হাতছাড়া হয় তাঁর। চতুর্থ সেটে চিনের তিরন্দাজ ৩০-২০ পয়েন্টে জিতে সমতা ফেরান। নির্ণায়ক সেটে ২৮-২১ পয়েন্টে জয় নিশ্চিত করেন সেন।
W1 বিভাগে এমন তিরন্দাজরা প্রতিদ্বন্দ্বিতা করেন, যাঁদের হাত ও পা—উভয় ক্ষেত্রেই গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। গত মাসে আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে ব্রোঞ্জ জিতেছিলেন স্বাতী। এ বার এশিয়ান প্যারা গেমসে রুপো জিতে দেশের জন্য নতুন ইতিহাস তৈরি করলেন তিনি।