শান্তি প্রিয় রায়চৌধুরী
কয়েক দিন আগে বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলতে কল্যাণীতে এসেছিল অসম দল। অসমের মতো দুর্বল দলটার একটা নজরকাড়া ক্রিকেটার ছিলেন। তিনি হলেন ১৪০ কিমি প্রতি ঘন্টা গতিতে বল করা অসমের স্পিড স্টার মুখতার হুসেন।
এবারের অসম দলের এই ক্রিকেটারটির প্রতি বিশেষ নজর ছিল ক্রিকেট বিশেষজ্ঞদের। কল্যাণীতে তিনি বাংলা বিরুদ্ধে একটা ইনিংসেই বল করার সুযোগ পেয়েছিলেন। নিয়ন্ত্রিত বোলিং করে ৩১ ওভারে ৯৯ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম বিসিসিআই প্রাক্তন প্রধান ও সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মুখতারের বোলিং পারফরম্যান্স দেখে বলেছেন," ঠিক ঠিক মতো পরিচর্যা পেলে আগামী দিনে ছেলেটা ভারতীয় দলের সম্পদ হতে পারে।"
খেলার মাঠে মুখতার হুসেন
হ্যাঁ, ঠিকই। কয়েক মাস আগেই বিসিসিআই এর নজরেও পড়েছেন মুখতার হুসেন। পূর্ব অঞ্চলের আকাশ দীপ ইনজিওর থাকার জন্য তার জায়গায় পূর্বাঞ্চলর হয়ে দলীপ ট্রফিতে খেলার সুযোগ পেয়েছিলেন অসমের ডিব্রুগড়ের ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির স্পিডস্টার ২৫ বছর বয়সী মুখতার হুসেন। দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তর অঞ্চলের বিরুদ্ধে পূর্ব অঞ্চলের হয়ে খেলেন তিনি। উইকেট না পেলেও তার নিয়ন্ত্রিত বোলিং সকলের নজর কেড়েছে। নির্বাচকদের নজরে তিনি পড়েছেন। যদি তিনি তাঁর পারফরম্যান্স তুলে ধরতে পারেন তাহলে আগামী দিনে ভারতীয় দলে ঢোকার সুযোগটাও তার এসে যেতে পারে।
কেন তিনি স্পেশাল:
২০১৭-১৮ কোচবিহার ট্রফিতে ১৭.৮৮ গড়ে ৩৫ উইকেট নিয়ে মুখতার হুসেন সংবাদের শিরোনামে উঠে আসেন। এরপর, ২০১৮ সালে বিজয় হাজারে ট্রফিতে তিনি লিস্ট এ-তে অভিষেক হয় তার এবং রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন, প্রথম মরশুমেই ৪০ উইকেট নেন তিনি। ঝাড়খণ্ড, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধে তার বোলিং পারফর্মেন্স স্মরণীয় হয়ে আছে।
খেলার মাঠে মুখতার হুসেন
ক্যারিয়ারের পরিসংখ্যান কথা বলে-এখন পর্যন্ত, মুখতার ৪৬টি প্রথম-শ্রেণীর ম্যাচে ১৪০টি উইকেট নিয়েছেন, যার মধ্যে ৬টি ম্যাচে পাঁচটি উইকেট রয়েছে। লিস্ট এ-তে তার ৫২টি এবং টি-টোয়েন্টিতে ৩৯টি উইকেট রয়েছে। তার লাইন-লেন্থ এবং ধারাবাহিক গতি তাকে আলাদা করে তুলেছে।