ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও উন্নয়নে দায়িত্বশীল ত্রিপুরা সরকার, ১৭টি মসজিদের সংস্কারে বরাদ্দ প্রায় ৭৪ লক্ষ টাকা
নূরুল হক, আগরতলা :
রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ওয়াকফ সম্পত্তির সংরক্ষণ, সুরক্ষা এবং পরিকাঠামোগত উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করছে ত্রিপুরা সরকার। ওয়াকফ সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবর্ষে প্রথম পর্যায়ে মোট ৭৩ লক্ষ ২২ হাজার ৯১৫ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে রাজ্য ওয়াকফ বোর্ড এই অর্থ বরাদ্দ করেছে।
রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবশ্বর আলীর উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় অবস্থিত মোট ১৭টি মসজিদের সংস্কার ও উন্নয়নমূলক কাজের জন্য এই অর্থ অনুমোদন করা হয়েছে। ‘ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও উন্নয়ন’ (Protection & Development of Waqf Properties) প্রকল্পের অধীনেই এই অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট ব্লক আধিকারিকদের মাধ্যমে সংস্কার ও উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। বিশেষ করে বিভিন্ন মসজিদের পরিকাঠামো সংস্কার, কবরস্থান সংস্কার, ধর্মীয় পরিবেশের উন্নয়ন এবং সম্পত্তিগুলির যথাযথ সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং ওয়াকফ বোর্ডের এই আর্থিক অনুমোদন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মুসলিম সমাজ।
ওয়াকফ সম্পত্তি কেবল ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও ঐতিহ্যগত স্বার্থ। তাই এই সম্পত্তিগুলির সুরক্ষা ও উন্নয়নে সরকারি উদ্যোগকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রথম পর্যায়ে ১৭টি মসজিদের সংস্কারের জন্য অর্থ বরাদ্দের মধ্য দিয়ে রাজ্যের ওয়াকফ সম্পত্তিগুলির উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সামগ্রিকভাবে, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় পরিকাঠামো এবং ওয়াকফ সম্পত্তির উন্নয়নে ত্রিপুরা সরকারের এই উদ্যোগ সংশ্লিষ্ট মহলে আশার সঞ্চার করেছে। বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার এবং নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে রাজ্যের বিভিন্ন এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নতুনভাবে উপকৃত হবে।