রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় বিশেষ পরিদর্শন শুরু ১৫ জুলাই, ১৮ সদস্যের কমিটি গঠন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 17 h ago
রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় বিশেষ পরিদর্শন শুরু ১৫ জুলাই, ১৮ সদস্যের কমিটি গঠন
রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় বিশেষ পরিদর্শন শুরু ১৫ জুলাই, ১৮ সদস্যের কমিটি গঠন

 কলকাতা:

 রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো, শিক্ষার মান এবং প্রশাসনিক ব্যবস্থার সামগ্রিক চিত্র খতিয়ে দেখতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের ১২টি জেলার স্বীকৃত ও অনুমোদনহীন অনুদানবিহীন মাদ্রাসায় বিশেষ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে এই বিশেষ পরিদর্শন। কমিটিকে ২১ জুলাইয়ের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট মাদ্রাসাগুলির পরিকাঠামো, শিক্ষাব্যবস্থা এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, পরিদর্শনের আওতায় থাকছে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে অবস্থিত স্বীকৃত এবং অনুমোদনহীন অনুদানবিহীন—উভয় ধরনের মাদ্রাসাই এই পরিদর্শনের অন্তর্ভুক্ত।

পরিদর্শনকারী দলে রয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের শীর্ষ আধিকারিকরা। তাঁরা মাদ্রাসাগুলির পাঠদানের মান, পাঠ্যক্রমের বাস্তবায়ন, ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ, ভবনের অবস্থা, শ্রেণিকক্ষ, পানীয় জল, শৌচাগার, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোগত সুবিধা খতিয়ে দেখবেন। পাশাপাশি প্রশাসনিক নথিপত্র এবং পরিচালন ব্যবস্থাও পরীক্ষা করা হবে।

জেলা প্রশাসনকেও এই পরিদর্শনে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে একজন করে নোডাল আধিকারিক নিয়োগ করতে বলা হয়েছে, যিনি পরিদর্শক দলের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করবেন।

শিক্ষা মহলের একাংশের মতে, রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষার মান, পরিকাঠামো এবং নিরাপত্তা সংক্রান্ত বাস্তব পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের পক্ষ থেকে যদিও এই পরিদর্শনকে নিয়মিত প্রশাসনিক মূল্যায়নের অংশ বলেই ব্যাখ্যা করা হয়েছে, তবে ২১ জুলাই জমা পড়া রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।


শেহতীয়া খবৰ