ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে ১.২১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, স্বাক্ষরিত ৩৪২টি মৌ

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 16 h ago
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে ১.২১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, স্বাক্ষরিত ৩৪২টি মৌ
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে ১.২১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, স্বাক্ষরিত ৩৪২টি মৌ
 
নূরুল হক / আগরতলা

দুই দিনব্যাপী 'ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬'-এর সমাপ্তিতে রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছে রাজ্য সরকার। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, কনক্লেভে মোট ৩৪২টি সমঝোতা স্মারক তথা মৌ স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে প্রায় ১ লক্ষ ২১ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।
 
সরকারের দাবি, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। কনক্লেভে দেশের বিভিন্ন প্রান্তের ১,২০০টিরও বেশি সংস্থার প্রায় ২,০০০ প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি দুবাই ও কানাডা থেকে বিনিয়োগকারী প্রতিনিধি, ১০টি দেশের কূটনীতিক ও হাইকমিশনার এবং ১১টি দেশের প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন।
 
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬
 
কিরণ গিত্তে জানান, গত চার বছরে ত্রিপুরায় প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগ নিয়ে ৪৭০টি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এবারের কনক্লেভে মুখ্যমন্ত্রী বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রীরাও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও রাজ্যের প্রায় ৩০০ জন স্টার্টআপ উদ্যোক্তা ও ব্যবসায়ী অনুষ্ঠানে অংশ নেন।
 
তিনি আরও জানান, গত ছয় বছরে ত্রিপুরার মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন (জিএসডিপি) দ্বিগুণ হয়েছে এবং মূলধনী ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন খাতের মধ্যে বিদ্যুৎ ক্ষেত্রে ৩১ হাজার ৮০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।
 
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬
 
পর্যটন খাতে ৩৩টি এমওইউ-এর মাধ্যমে ১২ হাজার ৩০৩ কোটি টাকা, তথ্যপ্রযুক্তি খাতে ৪৩টি এমওইউ-এর মাধ্যমে ১৩ হাজার ২৪৮ কোটি টাকা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরে সর্বাধিক ১১০টি এমওইউ-এর মাধ্যমে ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।
 
এছাড়া নগর উন্নয়ন, পরিবহন, কৃষি ও উদ্যানপালন, উচ্চশিক্ষা, মৎস্য ও প্রাণিসম্পদ, বন, স্বাস্থ্য এবং শিক্ষা খাতেও একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সরকারের মতে, এই বিনিয়োগগুলি বাস্তবায়িত হলে ত্রিপুরায় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।
 

উল্লেখ্য, ৯ ও ১০ জুলাই আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 'ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬'।