শতানন্দ ভট্টাচার্য
সততা ও মানবতা যে এখনো বেঁচে আছে সেটা প্রমাণ করলেন হাইলাকান্দির এক মুসলমান অটোচালক। অটোতে ফেলে যাওয়া লক্ষাধিক টাকার ব্যাগ শেষপর্যন্ত ফিরিয়ে দিয়ে সততার নজির সৃষ্টি করলেন। যাঁকে খুঁজে টাকার ব্যাগ ফেরত দিলেন তিনি কিন্তু একজন হিন্দু। একটু দেরিতে ঘটনাটি জনসমক্ষে এলেও এনিয়ে সামাজিক মাধ্যম সরব হয়েছে এবং সবাই বাহবা দিচ্ছেন ওই অটো চালককে তাঁর সুন্দর মানসিকতার জন্যে। বর্তমান যুগে যখন মানুষ ধর্মের নামে রাজনীতি নিয়ে ব্যস্ত ঠিক তখন একজন মুসলমান অটোচালক একজন হিন্দু যাত্রীর টাকা ফেরত দিয়ে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করলেন।
জানা গেছে, কয়েকদিন আগে হাইলাকান্দি জেলার কৌসর আলম চৌধুরী নামের এক অটোচালক একজন যাত্রীকে ভাড়ার বিনিময়ে হাইলাকান্দি থেকে বদরপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে দেন। ওইদিনের জন্যে সেটাই ছিল তাঁর লাস্ট ট্রিপ। পরে সৈয়দবন্দ গ্রামে নিজস্ব বাড়িতে ফিরে এসে কওসর দেখতে পান তাঁর অটোর পেছনের সিটে একটি ব্যাগ রাখা আছে। কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখেন ভেতরে রয়েছে দুটো আনারস ও নগদ ১ লক্ষ ১৪ হাজার টাকা। এতে তাঁর মাথা ঘুরে যায়। ওই যাত্রীকে কি করে পাওয়া যায় এনিয়ে তৎপর হয়ে পড়েন।
রাতেই আবার চলে আসেন বদরপুর রেলওয়ে স্টেশনে এবং অনেক খোঁজাখুঁজির পরও ওই যাত্রীর সনদ পাননি। অগত্যা আশপাশ এলাকার সি সি টি ভি ফুটেজ দেখেও আন্দাজ করতে পারেন নি। কৌসর তারপর ওই রাতেই চলে যান বদরপুর পুলিশ স্টেশনে। সব খুলে বলেন এবং পুলিশকে সহায়তার আহ্বান জানান।
এদিকে টাকার ব্যাগ হারিয়ে যাবার পর ওই যাত্রীও চিন্তিত হয়ে পড়েন। ট্রেন যাত্রা বাতিল করে বদরপুর এলাকায় ওই চালককে খুঁজতে শুরু করেন। শরণাপন্ন হন বদরপুরে অটো পার্কিং করা এলাকার একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির। ওই ব্যক্তি তাঁর পরিচয় দেয় 'অসীম' নামে। পশ্চিম বঙ্গে ব্যবসা করেন।
পরে বিভিন্ন মানুষের মাধ্যমে এই খবর কৌসরের কাছে এসে পৌঁছায়। বদরপুর থেকে আরো একজনকে নিয়ে অসীম আসেন কৌসরের বাড়িতে। উপযুক্ত প্রমাণ পেয়ে কৌসর ওই ব্যাগ অসীমের হাতে তুলে দেন। হারানো টাকা পেয়ে অসীম কৌসরকে জড়িয়ে ধরেন। দিতে চান অনেক উপহার। কিন্তু কৌসর কিছুই চাননি। পরে অনেক জোরে অসীম কৌসরকে তিন হাজার টাকা উপহার হিসেবে দেন।
কৌসর বলেন যে যে কোনও মানুষের সততা হচ্ছে তাঁর হাতিয়ার। ইচ্ছে করলে সেই টাকা তিনি ফিরিয়ে না দিলেও পারতেন কিন্তু তাঁর অন্তরের মানুষটি অশান্ত হয়ে উঠে। মন বলে ওই মানুষটি টাকা হারিয়ে অনেক সমস্যায় পড়েছে। কৌসরের এই মহান কাজ সবাইকে নাড়িয়ে দিয়েছে। একজন মুসলমান অটোচালক যেভাবে একজন হিন্দু যাত্রীর টাকা ফেরত দিলেন তাতে আবার জয় হল মানবতার।