ধর্ম আলাদা, উৎসব এক! সীমান্তের চারঘাটে দুর্গাপুজোয় হিন্দু-মুসলিমের মিলনমেলা, সম্প্রীতির নজির গড়ল ৩৯ বছরের পুজো
তরুণ নন্দী, কলকাতাঃ
ধর্ম যার যার, উৎসব সবার। সীমান্তের চারঘাটের দুর্গাপুজো সম্প্রীতির অনন্য নজির গড়ল। দুর্গাপুজোর উদ্বোধনে এসে সকলে মিলেমিশে থাকার যে আনন্দ তার ব্যাখা দিলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রীড়াবিদ ইসমাইল সরদার। মা দুর্গার আরাধনায় সামিল হতে গেলে কি পরিচয় দিতে হয় কোনও বিশেষ সম্প্রদায়ের? উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী চারঘাট যেন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে চলেছে বছরের পর বছর। এখানে দুর্গাপুজো মানে ধর্মীয় উৎসবের মধ্যে আবদ্ধ থাকা নয়, এই পুজো বরাবরই সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। পুজোর আবহে আলোর রোশনাইয়ে একাকার হয়ে যায় হিন্দু-মুসলিম-সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের আনন্দ। আর সেই সম্প্রীতির বার্তা ছড়িয়েই এবার ৩৯ বছরে পদার্পণ করল চারঘাট ব্রিজ ক্লাবের দুর্গাপুজো।
পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও সেই মিলনের ছবিটাই যেন ধরা পড়ল। বহু বিশিষ্ট গুণীজনের মাঝেও উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রীড়াবিদ ইসমাইল সরদার। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দুর্গাপুজোর অনুষ্ঠানে তাঁর উপস্থিতি যেন আরও একবার মনে করিয়ে দিল, মানুষের পরিচয় সবার আগে। আসলে যেকোন উৎসবের আসল মহিমা লুকিয়ে থাকে মানুষের মিলনে। পুজো উদ্যোক্তাদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ইসমাইল সরদার সম্প্রীতির এই পরিবেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।
ক্রীড়াক্ষেত্রে সুনামের সঙ্গে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে ইসমাইল সরদারের। তাঁর কথায় উঠে আসে, খেলাধুলোর ময়দানে যেমন প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে দলগত ঐক্যই সাফল্যের চাবিকাঠি তেমনই সমাজজীবনেও সকলের সঙ্গে সকলের পারস্পরিক শ্রদ্ধা আর সহাবস্থান বজায় রাখা অত্যন্ত জরুরি। চারঘাট ব্রিজ ক্লাবের দুর্গাপুজোয় তাঁর উপস্থিতি যেন সেই বার্তাকেই আরও তাৎপর্যপূর্ণ করে তুলল।
দুর্গাপুজোর উদ্বোধনে প্রাক্তন আন্তর্জাতিক ক্রীড়াবিদ ইসমাইল সরদার
ইসমাইল সরদার মনে করেন, উৎসবের উদ্দেশ্য মানুষের মধ্যে দূরত্ব তৈরি নয় বরং মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্য। ভিন্ন ধর্মের মানুষ হয়েও দুর্গাপুজোর আনন্দে অংশ নেওয়ার পর তিনি উদ্যোক্তাদের উদ্যোগকে সম্মান জানিয়ে সম্প্রীতির প্রকৃত অর্থ তুলে ধরেন। সীমান্তবর্তী এই এলাকায় দুর্গাপুজো এলেই দেখা যায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উৎসবের আনন্দে সামিল হন। কারও কাছে এটি দেবী আরাধনার সময়, কারও কাছে প্রতিবেশীর সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উপলক্ষ্য।
ছোটবেলা থেকে গড়ে ওঠা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এখানকার দুর্গোৎসব। চারঘাট ব্রিজ ক্লাবের দুর্গাপুজো সমাজের নানা সমীকরণ বদলেছে। পুজোর উদ্বোধনে প্রাক্তন আন্তর্জাতিক ক্রীড়াবিদ ইসমাইল সরদারের উপস্থিতি তাই যোগ করেছে অন্য মাত্রা। আসলে সম্প্রীতির জন্য সবসময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর পাশাপাশি থাকার মানসিকতা।