নেশামুক্ত সমাজ গড়তে বিজেপির ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ফুলবাড়ীর সীমান্তে অভিযানে নামলেন মতিউর রহমান
তরুণ নন্দী / কলকাতা
রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই এবার যেন সামাজিক ব্যাধি নির্মূলে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটপ্রচারে। এবার সেই কথা মাথায় রেখে ‘নেশামুক্ত সমাজ’ গড়তে এক অভিনব উদ্যোগ নিলেন শিলিগুড়ির ফুলবাড়ীর বিজেপি কর্মীরা। মূলত সীমান্তবর্তী এলাকায় যুবসমাজকে ড্রাগস ও মদের নেশা থেকে বাঁচাতে গ্রামে গ্রামে গিয়ে অভিযানে নামতে দেখা গেল বিজেপি নেতা মতিউর রহমান ও তাঁর অনুগামীদের।
শিলিগুড়ির ফুলবাড়ী-২ গ্রাম পঞ্চায়েতের ঝরার পার, গঠমাবাড়ি সহ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক এলাকায় ঘুরলেন বিজেপি কর্মীরা। নেশামুক্ত সমাজ গড়তে তাঁদের এই অভিযান ছিল চোখে পড়ার মতো। মতিউর রহমান রীতিমতো বিজেপি কর্মীদের নিয়ে এলাকার অলিগলিতে ঘুরে নেশার আড্ডার খোঁজে তল্লাশি চালান।
বিজেপি নেতা মতিউর রহমান গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করে বলেন, নেশার কারণ বহু ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে। তাই নেশা এবার গ্রামে বন্ধ। তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতে কোনো নেশারু যদি গ্রামে ঢোকার দুঃসাহস দেখায় তবে তাদের সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। অভিযান চলাকালীন স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুরে বলেন, বিগত তৃণমূল সরকারের আমলে প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো সুরাহা মেলেনি। বাসিন্দারা আরও জানান, ১২-১৩ বছরের স্কুলছুট কিশোররা প্রকাশ্যেই বড়দের সঙ্গে নেশায় মত্ত থাকে। বাধা দিলে উল্টে হুমকি পেতে হয়। স্থানীয়দের দাবি, নেশার আড্ডা ভাঙতে আগে অভিযোগ জানালেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি, যার ফলে এলাকায় নেশার করার মাত্রা বেড়ে গিয়েছে এলাকায়।
এখন রাজ্যে পালাবদল হতেই বিজেপি কর্মীদের এই সক্রিয়তা দেখে সাধারণ মানুষের মনে আশার আলো জেগেছে। ফুলবাড়ীর এক গৃহবধূ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ওদের ভয়ে এতদিন আতঙ্কে থাকলেও ভয়ে মুখ খুলতে পারতাম না। এখন বিজেপি নেতারা পাশে দাঁড়িয়েছেন, আশা করছি এবার আমাদের ছেলেমেয়েরা শান্তিতে বড় হতে পারবে।
মতিউর রহমানের এই উদ্যোগকে বাসিন্দারা দেখছেন এক সামাজিক আন্দোলন হিসেবে। বিজেপি নেতৃত্ব জানালেন, রাজ্যে বিজেপি সরকার গড়তেই যেমন প্রশাসনিক স্তরে সংস্কার হচ্ছে, তেমনই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধ ও নেশার আড্ডা মুছে ফেলা হবে। শোনা যাচ্ছে, ফুলবাড়ীর এই ‘অ্যান্টি-ড্রাগস’ ড্রাইভ এখন শিলিগুড়ির অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে নেশামুক্ত সুস্থ সমাজ গড়বে। ফুলবাড়ীর বিজেপি কর্মীদের এই সক্রিয়তা বর্তমানে টক অফ দ্য টাউন।