নূরুল হক / আগরতলা
ত্রিপুরার সিপাহীজলা জেলার উত্তর চরিলাম গৌতম কলোনির গরিব কৃষক ছিলেন স্বপন পাল। ভাঙ্গা দুটি টিনের ঘর এবং দুর্বল পরিকাঠামোর মধ্যেই স্ত্রী এবং ছেলেকে নিয়ে কোনক্রমে দিন কাটাতেন স্বপন পাল। এর মধ্যেই কিছুদিন আগে স্বপন পাল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান।
স্বপন পালের আকস্মিক মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তাঁর স্ত্রী এবং সন্তান। মা ছেলের ভবিষ্যৎ চলা তো দূরের কথা নিয়ম মেনে মৃত স্বপন পালের শ্রাদ্ধ করার মত ক্ষমতাও ছিলনা পরিবারের হাতে। অসহায় অবস্থায় মা এবং ছেলে অশ্রু ঝরাচ্ছিলেন। ঠিক এই সময়ে অসহায় পরিবারের পাশে সাহায্যের দূত হিসেবে দাঁড়ান বিশিষ্ট সমাজসেবী তথা তিপড়া মথার মাইনরিটি চেয়ারম্যান শাহ আলম।
তিনি ঘটনার খবর পেয়ে ছুটে যান প্রয়াত স্বপন পালের বাড়িতে। স্বপন পালের বিধবা স্ত্রী এবং তাঁর ছেলের সঙ্গে কথা বলেন। শ্রাদ্ধ কাজ করার জন্য স্বপন পালের স্ত্রীর হাতে তুলে দেন আর্থিক সাহায্য। প্রতিশ্রুতি দেন পাশে থাকার। শাহ আলম বলেন এই ধরনের ঘটনায় সমাজের প্রত্যেক মানুষকেই জাত এবং ধর্মের ঊর্ধ্বে পাশে দাঁড়ানো উচিত। তিনি নিজে পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বপন পালের অসহায় পরিবারের জন্য মানবিক লোকেদের সহযোগিতার হাত চেয়েছেন।
ধর্মপরিচয়ের ঊর্ধ্বে গিয়ে শাহ আলমের এই ধরনের মানবিক কাজ নেটিজেনদের কাছে প্রশংসার বিষয় হয়েছে। তবে এই কাজ ছাড়াও শাহ আলম বরাবরই ধর্মের ঊর্ধ্বে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সম্প্রতি আগরতলায় মহিলা সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে হামলার ঘটনার খবর পেয়ে তিনি ছুটে যান এবং সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ান। জাত ধর্মের হিংসা ভুলে মানুষ যাতে কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ায় সেই আহ্বান নিয়ে তিনি জনসচেতনতা করতে চাইছেন।