সেপ্টেম্বরে চালু হচ্ছে বাংলার বিপর্যয় মোকাবিলা বাহিনী ‘অর্জুন বাহিনী’: শুভেন্দু

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 22 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
কলকাতা: 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আদলে পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী ‘অর্জুন বাহিনী’। আগামী সেপ্টেম্বর থেকেই এই বাহিনী কার্যকর হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রবিবার কলকাতায় প্রতিরক্ষা সংস্থার কয়েকটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী জানান, তারাতলার গুদামঘর ধস এবং ২০২০ সালের আমফান ঘূর্ণিঝড়ের মতো বিপর্যয় থেকে শিক্ষা নিয়েই এই বাহিনী গড়ে তোলা হচ্ছে।

‘অর্জুন বাহিনী’-কে আধুনিক যানবাহন, ক্যামেরা-সহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ধাঁচেই তাদের কাজের প্রশিক্ষণ ও দায়িত্ব নির্ধারণ করা হবে।

শুভেন্দু জানান, বাহিনীতে প্রাক্তন সেনাকর্মীদের পাশাপাশি ভবিষ্যতে অগ্নিবীরদেরও নিয়োগ করা হবে। আপাতত সৈনিক বোর্ডের মাধ্যমে ২০০ জন প্রাক্তন সেনাকর্মী নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ১০০ জন কলকাতায়, ৫০ জন দার্জিলিং পাহাড়ে এবং ৫০ জন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মোতায়েন থাকবেন।

মুখ্যমন্ত্রীর দাবি, আধুনিক সরঞ্জাম নিয়ে এই বাহিনী বিপর্যয়ের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাতে পারবে। কলকাতার মতো বড় শহরে বেআইনি নির্মাণের কারণে বিপর্যয়ের ঝুঁকি থাকায় কার্যকর বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।