‘ভালো মানুষের কোনও ধর্ম হয় না’, বিজেপি নেতা চিত্তরঞ্জনের শেষ বিদায়ে মুসলিম ভাইদের ভিড়! সম্প্রীতির আবেগে ভাসল অশোকনগর

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 18 h ago
‘ভালো মানুষের কোনও ধর্ম হয় না’, বিজেপি নেতা চিত্তরঞ্জনের শেষ বিদায়ে মুসলিম ভাইদের ভিড়! সম্প্রীতির আবেগে ভাসল অশোকনগর
‘ভালো মানুষের কোনও ধর্ম হয় না’, বিজেপি নেতা চিত্তরঞ্জনের শেষ বিদায়ে মুসলিম ভাইদের ভিড়! সম্প্রীতির আবেগে ভাসল অশোকনগর
 
তরুণ নন্দী, কলকাতাঃ
 
চিত্ত দা এভাবে চলে যেতে পারে না, শেষ বিদায়ে বারবার এই কথা শোনা গেলে জনসুনামির মধ্য দিয়ে। রাজনীতির রং আলাদা হতে পারে, ধর্মের পরিচয়ও ভিন্ন হতে পারে। কিন্তু মানুষের প্রতি ভালোবাসার কোনও ধর্ম হয় না। অশোকনগরের বিজেপি নেতা চিত্তরঞ্জন বিশ্বাসের শেষ বিদায়ের দৃশ্য যেন সেই বার্তাই তুলে ধরল। একজন হিন্দু বিজেপি নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হিন্দু মানুষদের পাশাপাশি হাজির হলেন বহু মুসলিম মানুষও। কারও চোখে জল, কারও মুখে স্মৃতিচারণ। প্রিয় ‘চিত্ত দা’-কে হারিয়ে শোকস্তব্ধ অশোকনগর।

উত্তর ২৪ পরগনা জেলার রাজনীতির ময়দানে তিনি ছিলেন বিজেপির পরিচিত মুখ। তিনবারের প্রাক্তন কাউন্সিলর, বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি। কিন্তু স্থানীয় মানুষের কাছে এই রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁর আরেকটি পরিচয় ছিল, তিনি সকলের প্রিয় ‘চিত্ত দা’। তাঁর মিশুকে ব্যবহার আর সদা হাশিমুখ তাঁকে বাড়তি জনপ্রিয়তা এনে দিয়েছিল। 
 
অশোকনগর-কল্যাণগড় এলাকায় সম্প্রতি এক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন চিত্তরঞ্জন বিশ্বাস। তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করেছিলেন বিভিন্ন রাজনৈতিক মত ও ধর্মের মানুষ। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর সেই মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা অশোকনগর সহ জেলার গেরুয়া শিবিরে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের মানুষও হাজির হন শেষ শ্রদ্ধা জানাতে। তবে এই বিদায়বেলার সবচেয়ে আবেগঘন ছবি দেখা গেল মুসলিম সম্প্রদায়ের বহু মানুষের উপস্থিতি ঘিরে।
 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাঁরা শ্রদ্ধা জানালেন এক হিন্দু বিজেপি নেতাকে। কারও কারও চোখ জলে ভিজল। কেউ আবার স্মৃতিচারণ করতে গিয়ে হারিয়ে ফেললেন কথা বলার ভাষা। স্থানীয় বাসিন্দা মহঃ সেলিমউদ্দিনের কথায় উঠে এল সেই সম্প্রীতির বার্তা। তিনি বললেন, “চিত্ত দা আমাদের প্রাণের মানুষ ছিলেন। আমরা তাঁকে সমাজসেবী হিসেবেই চিনি। আসলে ভালো মানুষ তিনি। এমন মানুষ কোন ধর্মের, এটা বড় কথা নয়। তিনি ছিলেন প্রকৃত অর্থে মানুষের মত মানুষ। আর তাই তাঁর বিদায়বেলায় জড়ো হয়েছেন আমার মতো বহু মুসলিম ভাইয়েরা।”
 
সেলিমউদ্দিনের এই কথাগুলি থেকেই বোঝা যায়, রাজনৈতিক পরিচয়ের বাইরে তাঁর সঙ্গে যে বহু মানুষের ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। তাই চিত্তরঞ্জন বিশ্বাসের শেষ বিদায়ের ভিড়েই তা স্পষ্ট হয়ে ওঠে। তাঁর প্রয়াণে চায়ের দোকানের আড্ডাও থেমে গেল চিরতরে। আসলে চিত্তরঞ্জন বিশ্বাসের জীবনের সঙ্গে জড়িয়ে ছিল পাড়ার চায়ের দোকানও। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, মিশুকে স্বভাবের মানুষটি প্রতিদিন রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন সেখানে। আজ সেই আড্ডার আসন শূন্য। প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদ মেনে নিতে পারছেন না তাঁর আড্ডার সঙ্গীরা। এতটাই ভেঙে পড়েছেন যে, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আর বসবেন না সেই প্রতিদিনের আড্ডায়।
 
যেখানে এতদিন হাসি, গল্প আর স্মৃতির আসর বসত সেখানেই এখন শুধুই বিষাদের ছায়া। চিত্তরঞ্জন বিশ্বাসের শেষযাত্রায় স্মৃতিচারণে বারবার উঠে এসেছে তাঁর মিশুকে স্বভাব, সাধারণ জীবনযাপন আর সমাজসেবামূলক কাজের কথা। হিন্দু-মুসলিম নির্বিশেষে মানুষের চোখের জল যেন একটাই কথা বলছিল, ‘চিত্ত দা’ শুধু কোনও একটি দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন বহু মানুষের আপনজন।


শেহতীয়া খবৰ