আতির খান
ভারতীয় মুসলিম নারীদের জাতি-গঠনে ভূমিকা আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু দীর্ঘদিন তা যথেষ্টভাবে আলোচিত হয়নি। দেশকে এগিয়ে নেওয়ার পথে তাদের অবদান আজও ভারতের বহুবর্ণ সামাজিক-রাজনৈতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করে তুলছে। অন্যান্য সব সম্প্রদায়ের নারীদের মতোই, মুসলিম নারীদের কৃতিত্বও বহু সময় প্রাপ্য স্বীকৃতি পায়নি।
তবে ইসলামের মৌলিক শিক্ষায় নারীরা উল্লেখযোগ্য অধিকার পেয়েছিলেন- রাজনীতি, ব্যবসা-বাণিজ্য ও সম্পত্তিতে উত্তরাধিকারসহ নানা ক্ষেত্রে অংশগ্রহণের অধিকার। এসব ক্ষমতায়নমূলক নীতিই অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিল। তবুও, নানা ভুল অগ্রাধিকার ও সামাজিক বাধার কারণে মুসলিম নারীরা অনেক সময়ই তাদের পূর্ণ সম্ভাবনা প্রকাশের সুযোগ পাননি।
সমঅধিকার ও সম্ভাবনার দেশ ভারত মুসলিম নারীদের বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষের পথ খুলে দিয়েছে। বেগম হযরত মহল এবং বি আম্মার মতো ঐতিহাসিক ব্যক্তিত্বরা দেশের স্বাধীনতা সংগ্রামে ছিলেন বিপ্লবী নেতৃত্বের উদাহরণ, যারা সাহস ও প্রতিরোধের এক অনন্য উত্তরাধিকার রেখে গেছেন।
এই পথিকৃৎ নারীরাই পরবর্তী প্রজন্মের অসংখ্য কৃতী মুসলিম নারীর জন্য পথপ্রদর্শক হয়ে ওঠেন। যেমন-ফাতিমা বিবি, যিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি; কিংবা ড. মরিয়ম আফিফা আনসারি, হায়দ্রাবাদের প্রথম নারী নিউরোসার্জন। স্বাধীনতা-উত্তর ভারতে এদের অবদান গভীর ও বিস্তৃত।
অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সৈয়দা আনোয়ারা তৈয়বুর নেতৃত্ব রাজনৈতিক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যদিকে কুররাতুলঐন হায়দার, মধুবালা এবং বেগম আখতার শিল্প-সংস্কৃতির জগতে আজও প্রেরণার বাতিঘর।
বর্তমান সময়েও ভারতীয় মুসলিম নারীরা সমাজের নানা ক্ষেত্রে- রাজনীতি থেকে ব্যবসা, ক্রীড়া, একাডেমিয়া ও শিল্পকলায়, বাঁধা ভেঙে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠিত করছেন। তাদের সাফল্যের গল্প শুধু নারীদেরই নয়, সব শ্রেণির মানুষের জন্যই অনুপ্রেরণাদায়ক।
আমরা 'আওয়াজ–দ্য ভয়েস'–এ আমাদের ‘চেঞ্জমেকারস’ সিরিজে মুসলিম সম্প্রদায়ের ইতিবাচক অবদান তুলে ধরার যে প্রচেষ্টা করেছি, তাতে পাঠকদের বিপুল সাড়া আমাদের কৃতজ্ঞ করেছে। পাঠকদের অসংখ্য ইমেইল ও ফোনকল এই ধরনের গল্প তুলে ধরার গুরুত্বকে আরও একবার নিশ্চিত করেছে।
সমন্বিত সাংবাদিকতার প্রতি আমাদের অঙ্গীকারের ধারাবাহিকতায় আমরা শুরু করছি একটি নতুন বিশেষ সিরিজ- ‘পরওয়াজ’। এই সিরিজে বিভিন্ন ক্ষেত্রে সমকালীন ভারতীয় মুসলিম নারীদের অসাধারণ সাফল্যের গল্প তুলে ধরা হবে। তাদের কঠোর পরিশ্রম ও উৎকর্ষের প্রতি এই নিবেদন এক অনন্য শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠবে এবং অন্যদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
আজ ‘পরওয়াজ’ শুরু হচ্ছে মুসলিম নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে একটি বিশেষ প্রারম্ভিক প্রতিবেদন দিয়ে। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকেও তুলে ধরা হবে। আমরা আমাদের পাঠকদের কাছ থেকে মতামত ও পরামর্শ আশা করছি, আপনারা আমাদের [email protected] - এ লিখে জানাতে পারেন।
সম্পাদক–প্রধান