ফের হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের ভোটের ফল চ্যালেঞ্জ করে দায়ের ইলেকশন পিটিশন

Story by  Debkishor Chakraborty | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
ফের হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের ভোটের ফল চ্যালেঞ্জ করে দায়ের ইলেকশন পিটিশন
ফের হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের ভোটের ফল চ্যালেঞ্জ করে দায়ের ইলেকশন পিটিশন

দেবকিশোর চক্রবর্তী, কলকাতা:

ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। মঙ্গলবার তিনি নিজে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন। আদালতের ওথ কমিশনারের কাছে প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করার পর আনুষ্ঠানিকভাবে মামলাটি দায়ের করা হয়।মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন আদালতে উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েন, ডোরা সেন, কল্যাণ ব্যানার্জি, কুনাল ঘোষ । আদালত চত্বরে তাঁদের উপস্থিতি রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
 
উল্লেখ্য, এর আগেও গত ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়েছিলেন। সেদিন তিনি আইনজীবীর পোশাকে আদালতে উপস্থিত হয়ে নিজেই সওয়াল করার প্রস্তুতি নিয়েছিলেন। তবে মঙ্গলবার তাঁকে দেখা যায় তাঁর পরিচিত শাড়ির সাজেই।
 
সম্প্রতি অনুষ্ঠিত ভবানীপুর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী-র কাছে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটের ফল ঘোষণার পর থেকেই তিনি এই পরাজয় মেনে নিতে অস্বীকার করেন। গত ৫ মে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেছিলেন, "আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে।"
 
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর তিনি কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন। সেই মামলাও এখনও বিচারাধীন রয়েছে।
 
রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করে নতুন এই আইনি লড়াই আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠতে পারে। আদালতের পর্যবেক্ষণ এবং মামলার অগ্রগতির দিকে এখন নজর থাকবে রাজনৈতিক শিবিরগুলির।


শেহতীয়া খবৰ