বিশ্ব গণ্ডার দিবসে অসমে উদ্‌যাপন; গণ্ডারের সংখ্যা ও গত বছর শূন্য চোরাশিকার মামলার কথা তুলে ধরলেন হিমন্ত

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
বিশ্ব গণ্ডার দিবসে অসমে উদ্‌যাপন; গণ্ডারের সংখ্যা ও গত বছর শূন্য চোরাশিকার মামলার কথা তুলে ধরলেন হিমন্ত
বিশ্ব গণ্ডার দিবসে অসমে উদ্‌যাপন; গণ্ডারের সংখ্যা ও গত বছর শূন্য চোরাশিকার মামলার কথা তুলে ধরলেন হিমন্ত
 
গুয়াহাটি:
 
 মঙ্গলবার বিশ্ব গণ্ডার দিবস উদ্‌যাপন করল অসম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিশ্বের মোট গণ্ডার জনসংখ্যার ৮০ শতাংশই অসমে রয়েছে। গত বছর রাজ্যে গণ্ডার চোরাশিকারের একটি ঘটনাও নথিভুক্ত হয়নি বলেও তিনি জানান।

অসমের পরিবেশ ও বনমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বলেন, রাজ্যের প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম গর্বের প্রতীক গণ্ডারকে রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সোশ্যাল মিডিয়ায় হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, “এই বিশ্ব গণ্ডার দিবসে সংখ্যাগুলিই কথা বলুক।”

অন্য একটি পোস্টে জয়ন্ত মল্ল বরুয়া বলেন, “গ্রেটার ওয়ান-হর্নড রাইনো বা একশৃঙ্গ গণ্ডার অসমের গর্ব এবং রাজ্যের সমৃদ্ধ জীববৈচিত্র্যের এক মূল্যবান অংশ। মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার গণ্ডার সুরক্ষা, আবাসস্থল সংরক্ষণ এবং চোরাশিকার-বিরোধী তৎপরতা আরও জোরদার করেছে।”

তিনি বলেন, এ বছরের থিম ‘Keep the Five Alive’। এর মাধ্যমে বিশ্বের অবশিষ্ট পাঁচ প্রজাতির গণ্ডার—হোয়াইট, ব্ল্যাক, গ্রেটার ওয়ান-হর্নড, জাভান এবং সুমাত্রান গণ্ডার—রক্ষার যৌথ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “গণ্ডার ও তাদের আবাসস্থল রক্ষার সংকল্প নতুন করে গ্রহণ করি এবং নিশ্চিত করি, যাতে এই অসাধারণ প্রাণীরা আগামী প্রজন্মের জন্যও নিরাপদে বেঁচে থাকতে পারে।”

মুখ্যমন্ত্রীর কার্যালয়ও একটি পোস্টে জানিয়েছে, বিশ্ব গণ্ডার দিবসে অসম তার “অবিশ্বাস্য গণ্ডার সংরক্ষণ-গাথা” উদ্‌যাপন করছে।

সেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার গণ্ডার রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে—চোরাশিকার-বিরোধী ব্যবস্থা জোরদার করা থেকে শুরু করে আবাসস্থল পুনরুদ্ধার ও সংরক্ষণ পর্যন্ত।

বর্তমানে অসমে ৩,২৬০টি গণ্ডার রয়েছে। চোরাশিকারিদের কাছ থেকে বাজেয়াপ্ত করা ২,৪৭৯টি গণ্ডারের শিং এখনও পর্যন্ত ধ্বংস করেছে রাজ্য সরকার।

২০২৬ সালের বিশ্ব গণ্ডার দিবসের সরকারি থিম ‘Keep the Five Alive’। এর সঙ্গে যুক্ত বার্তা হল ‘building a future for rhinos’—বিশ্বজুড়ে অবশিষ্ট পাঁচ প্রজাতির গণ্ডারের সুরক্ষা ও অস্তিত্ব টিকিয়ে রাখার বিষয়ে সচেতনতা বাড়ানো।