‘ধর্মের মোড়কে ভোট নেওয়ার চেষ্টা’, বসিরহাটে সরব নওশাদ সিদ্দীকি, শিক্ষা ও সরকারি পরিষেবা নিয়ে কি চলছে তা তুলে ধরেন
তরুণ নন্দী, কলকাতাঃ
শিক্ষা ব্যবস্থা, সরকারি পরিষেবা থেকে ধর্মের রাজনীতি জনসভায় যোগ দিয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বসিরহাট উত্তর বিধানসভা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এসে তিনি দাবি করেন, SIR-এ বাদ পড়া বা তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ভোটাররা দ্বিধার মধ্যে পড়ে রয়েছেন। সব জটিলতা কাটিয়ে দ্রুত ভোটার তালিকায় জায়গা দিতে হবে তাঁদের।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকীর অভিযোগ, ধর্মকে নিজেদের স্বার্থে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করলেন, ধর্মীয় পরিচয়কে সামনে রেখে মানুষের আবেগকে প্রভাবিত করে ভোট নেওয়ার চেষ্টা চলছে। একইসঙ্গে নওশাদ সিদ্দীকি জোরের সঙ্গে বলেন, কে বলেছে গেরুয়াকে আমরা অসম্মান করি, কে বলেছে হিন্দুকে আমরা খারাপ নজরে দেখি? তিনি হিন্দু মনিষীদের নাম নিয়ে বলেন, রাম থেকে স্বামী বিবেকানন্দ, হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রতি তাঁদের অগাধ শ্রদ্ধা রয়েছে। আমজনতার কাছে তাঁর মূল প্রশ্ন ছিল, ধর্মীয় শব্দবন্ধের বাইরে মানুষের শিক্ষা, চাকরি ও সরকারি পরিষেবার বাস্তব সমস্যাগুলি নিয়ে কতটা কাজ হচ্ছে?
নওশাদ সিদ্দীকির অভিযোগ, বিগত ১৫ বছরে মুসলিমদের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব কমেছে। এরই সঙ্গে তিনি শিক্ষাক্ষেত্রে শিক্ষার মান নিয়েও সরব হলেন। তাঁর অভিযোগ, সরকারি স্কুলগুলি যেন পরিস্থিতির শিকার হয়ে ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। স্কুল ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নতির দাবিও তোলেন তিনি।
শুধু মুসলিম নয়, হিন্দু মায়েরাও অন্নপূর্ণা ভান্ডার-সহ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন আইএসএফ নেতা। তাঁর দাবি, ধর্মীয় স্লোগানের পরিবর্তে বেকার যুবক-যুবতীদের চাকরি, সঠিক শিক্ষা, ভোটাধিকার সহ মানুষের প্রাপ্য সরকারি পরিষেবা নিয়ে জবাবদিহি প্রয়োজন।