পশ্চিমবঙ্গে,উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
পশ্চিমবঙ্গে,উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গে,উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন
 
নয়াদিল্লি: 

পশ্চিমবঙ্গে,উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড   রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচন এবং একটি উপনির্বাচনের দিন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। পাশাপাশি বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের স্নাতক ও শিক্ষক নির্বাচনী কেন্দ্র থেকে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনও ঘোষণা করা হয়েছে।

ইসিআইয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যসভার মোট ১১টি আসনে দ্বিবার্ষিক নির্বাচন হবে। এর মধ্যে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের ১টি আসন রয়েছে। বর্তমান সদস্যদের অবসরের কারণে নভেম্বর মাসে এই আসনগুলি শূন্য হবে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যসভায় একটি শূন্য আসনে উপনির্বাচন হবে। তৃণমূল কংগ্রেসের সাংসদ রুক্মিণী মল্লিকের পদত্যাগের পর আসনটি শূন্য হয়েছে।

রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। ৭ অক্টোবর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর। ভোটগ্রহণ হবে ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সেদিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে।

উত্তরপ্রদেশ থেকে অবসর নিতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, অরুণ সিং, ব্রিজলাল, বি এল বর্মা, রামগোপাল যাদব, নীরজা শেখর, গীতা ওরফে চন্দ্রপ্রভা, রামজি, সীমা এবং ড. দীনেশ শর্মা। উত্তরাখণ্ডের একমাত্র অবসরপ্রাপ্ত সদস্য নরেশ বনসল।

ইসিআই জানিয়েছে, ব্যালট পেপারে পছন্দের ক্রম চিহ্নিত করার জন্য রিটার্নিং অফিসারদের দেওয়া নির্দিষ্ট মাপ ও মানের সমন্বিত বেগুনি রঙের স্কেচ পেনই ব্যবহার করতে হবে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে চার রাজ্যে বিধান পরিষদের মোট ২৮টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের কথাও জানিয়েছে ইসিআই। এর মধ্যে উত্তরপ্রদেশে ১১টি আসন—৫টি স্নাতক ও ৬টি শিক্ষক নির্বাচনী কেন্দ্র; বিহারে ৮টি—৪টি স্নাতক ও ৪টি শিক্ষক; মহারাষ্ট্রে ৫টি—৩টি স্নাতক ও ২টি শিক্ষক এবং কর্ণাটকে ৪টি—২টি স্নাতক ও ২টি শিক্ষক নির্বাচনী কেন্দ্র রয়েছে। সংশ্লিষ্ট সদস্যদের অবসরের কারণে এই আসনগুলিতে নির্বাচন হবে।

বিধান পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়নপত্র পরীক্ষা ৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর। ২৮টি আসনে ভোটগ্রহণ হবে ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগণনা হবে ২৭ অক্টোবর।

ইসিআই আরও জানিয়েছে, চার রাজ্যের সংশ্লিষ্ট স্নাতক ও শিক্ষক নির্বাচনী কেন্দ্রগুলিতে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) অবিলম্বে কার্যকর হচ্ছে।