রথযাত্রায় ভক্তদের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি, পুরীতে মোতায়েন ৩১ মিটার উচ্চতার মাল্টি-পারপাস ওয়াটার টাওয়ার

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
রথযাত্রায় ভক্তদের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি, পুরীতে মোতায়েন ৩১ মিটার উচ্চতার মাল্টি-পারপাস ওয়াটার টাওয়ার
রথযাত্রায় ভক্তদের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি, পুরীতে মোতায়েন ৩১ মিটার উচ্চতার মাল্টি-পারপাস ওয়াটার টাওয়ার
 
পুরী (ওডিশা)

আসন্ন শ্রীজগন্নাথদেবের রথযাত্রাকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে পুরী ফায়ার স্টেশন। এবার প্রথমবারের মতো মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক মাল্টি-পারপাস আর্টিকুলেটেড ওয়াটার টাওয়ার, যা উৎসব চলাকালীন অগ্নিকাণ্ড থেকে শুরু করে তীব্র গরমের মতো নানা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আধুনিক এই ওয়াটার টাওয়ারটি ৩১ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে সক্ষম এবং ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। ফলে বড় দাণ্ডা (বড় রাস্তা) এবং তার আশপাশের বহুতল ভবনগুলিতে দ্রুত ও কার্যকরভাবে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
 
রথযাত্রার দিন যদি তীব্র গরম বা অতিরিক্ত আর্দ্রতার পরিস্থিতি তৈরি হয়, তবে এই টাওয়ার থেকে ওপর থেকে সূক্ষ্ম জলকণা স্প্রে করা যাবে। এতে বড় দাণ্ডায় জড়ো হওয়া অসংখ্য ভক্ত সাময়িকভাবে গরমের হাত থেকে স্বস্তি পাবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 
শুধু গরম থেকে স্বস্তি দেওয়াই নয়, অগ্নিনির্বাপণের ক্ষেত্রেও এই টাওয়ার অত্যন্ত কার্যকর। উচ্চচাপের মাধ্যমে বহুতল ভবনের উপরের তলা বা জানালা দিয়ে সরাসরি জল ছিটিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।
 
ফায়ার বিভাগের এক কর্মকর্তা বলেন, "রথযাত্রার সময় বড় দাণ্ডায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সে সময় হিট স্ট্রোক কিংবা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন এই টাওয়ারের সাহায্যে দমকল বাহিনী দ্রুত সাড়া দিতে পারবে।"
 
পুরী ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রভাত রাউত এই উদ্যোগকে দমকল বিভাগের জন্য একটি বড় অগ্রগতি বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, "মাল্টি-পারপাস আর্টিকুলেটেড ওয়াটার টাওয়ার আমাদের জন্য গেম চেঞ্জার। তীব্র গরমে ভক্তদের সুরক্ষা থেকে শুরু করে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ, সব ক্ষেত্রেই এটি অত্যন্ত কার্যকর হবে।"
 
প্রশাসনের মতে, ওডিশার অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে অংশ নিতে আসা ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতেই অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে বুধবার পুরী জেলা প্রশাসন, বিশেষ নিরাপত্তা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে শহরে বৃহৎ পরিসরে নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার মহড়া (মক ড্রিল) পরিচালনা করেছে।
 
এর আগে সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, শ্রীজগন্নাথদেবের বার্ষিক রথযাত্রা উপলক্ষে ভারতীয় রেল ৩০০-রও বেশি বিশেষ ট্রেন চালাবে। পাশাপাশি কেরলের ওনাম উৎসব উপলক্ষেও ১০০-র বেশি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
 
ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরীতে রথযাত্রার প্রস্তুতি পর্যালোচনা করেন। পাশাপাশি তাঁরা পুরী-কোরাপুট ট্রেনেরও উদ্বোধন করেন। রেলমন্ত্রী বলেন, "আজ আমি পুরী রেলস্টেশন পরিদর্শন করেছি। ভগবান জগন্নাথের স্থাপত্যশৈলী অনুসরণ করে স্টেশনটিকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। অন্যান্য স্টেশনগুলিও একইভাবে উন্নত করা হচ্ছে।"
 
তিনি আরও জানান, রথযাত্রায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। "এই বছর প্রায় ৩০ হাজার যাত্রীকে আরামদায়কভাবে রাখার জন্য বিশেষ হোল্ডিং এরিয়া তৈরি করা হচ্ছে। এছাড়া উন্নতমানের শৌচাগার, ভিড় এড়াতে জিগজ্যাগ পদ্ধতিতে টিকিট কাউন্টার, নিয়ন্ত্রণ কক্ষ, সিভিল পুলিশ ও রেল পুলিশের মধ্যে সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে। ৮০০-র বেশি নিয়মিত ট্রেনের পাশাপাশি ৩০০-রও বেশি বিশেষ ট্রেন চলবে। ফলে মোট ১,১০০-রও বেশি ট্রেন পরিষেবা উপলব্ধ থাকবে," বলেন অশ্বিনী


শেহতীয়া খবৰ