কলকাতা:
পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আগের সরকারগুলি সহযোগিতা করেনি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে ‘ডাবল ইঞ্জিন সরকার’ এখন উন্নয়নের গতি বাড়াবে।
শুভেন্দু বলেন, বামফ্রন্টের ৩৪ বছর এবং তৃণমূলের ১৫ বছরের শাসনে কেন্দ্রের সঙ্গে মূলত বিরোধিতার রাজনীতি হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, বিনিয়োগ আকর্ষণের জন্য রাজ্যে প্রয়োজনীয় পরিকাঠামো, জমি ও দক্ষ মানবসম্পদ রয়েছে। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের পরিবেশ বদলেছে এবং নতুন শিল্পস্থাপনে জমি কোনও সমস্যা হবে না।
তিনি আরও জানান, বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ইতিমধ্যে ১,১০০ একর জমি হস্তান্তর করেছে তাঁর সরকার। রাজ্যে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের পাঁচটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।