ওড়িশায় ভোটার তালিকা সংশোধন: ১৭ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তির নিষ্পত্তি, ২১ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা
ভুবনেশ্বর:
ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় জমা পড়া সমস্ত দাবি ও আপত্তির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বরের মধ্যে নেওয়া হবে। এরপর ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, ১৯ আগস্ট পর্যন্ত রাজ্যে৫৮.৩৬ লক্ষ ভোটারকে নোটিস দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৩.০৯ কোটি যোগ্য ভোটারকে বিবেচনা করা হয়েছে। শুনানি চলায় এই সংখ্যা আরও বাড়তে পারে।
নির্বাচন দফতর স্পষ্ট করেছে, যাঁদের নোটিস দেওয়া হয়েছে কিন্তু নির্ধারিত বৈধ নথি বা সঠিক তথ্য জমা দিতে পারেননি, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।
এসআইআর চলাকালীন নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম-৬-এর মাধ্যমে ২.৭৯ লক্ষ আবেদন জমা পড়েছে। একইভাবে, ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকলে তা সংশোধন বা মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম-৭-এর মাধ্যমে ৫৩,৬২৫টি আবেদন করা হয়েছে।
এছাড়া পরিবারের সদস্যদের একই ভোটকেন্দ্রে অন্তর্ভুক্ত করা এবং নাম, ঠিকানা, বয়স-সহ বিভিন্ন তথ্য সংশোধনের জন্য ফর্ম-৮-এর মাধ্যমে ১.৯৭ লক্ষ আবেদন জমা পড়েছে।
ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক আর এস গোপালন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে কোনও যোগ্য নাগরিক ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তির নাম তালিকায় না থাকে। তাঁর দাবি, ২১ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা আগামী নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করবে।
তবে বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে সময়সীমা আরও এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে বিরোধী বিজেডি। দলের বক্তব্য, রাজ্যের বিভিন্ন অংশে বন্যার কারণে ভোটার, বুথস্তরের কর্মী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে যাচাই ও দাবি-আপত্তি দাখিল করা কঠিন হয়েছে। দলের মতে, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা তৈরির স্বার্থে সময়সীমা বাড়ানো জরুরি।