ত্রিপুরায় ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলির

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
ত্রিপুরায় ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলির
ত্রিপুরায় ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলির
 
আগরতলা

ছয় দফা দাবি পূরণের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি দিল ত্রিপুরার তিনটি আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন। ২০২৪ সালে কেন্দ্র ও ত্রিপুরা সরকারের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করার দাবিও রয়েছে তাদের অন্যতম প্রধান দাবি।
 
আত্মসমর্পণকারী সংগঠন তিনটি হল, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (NLFT) অরিজিনাল, এনএলএফটি (পিডি) এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স (ATTF)। ২০২৪ সালে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর তারা অস্ত্র সমর্পণ করে।
 
শুক্রবার আগরতলায় এক সাংবাদিক বৈঠকে এনএলএফটি (অরিজিনাল)-এর নেতা পরিমল দেববর্মা বলেন, শান্তির লক্ষ্যে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে তাঁরা অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়েছিলেন। কিন্তু প্রায় দুই বছর কেটে গেলেও তাঁদের দাবিগুলি এখনও পূরণ হয়নি।
 
তিনি জানান, আত্মসমর্পণকারী জঙ্গিদের যথাযথ পুনর্বাসনের দাবিতে চলতি বছরের ১২ জুন রেল ও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। পরে রাজ্য সরকারের অনুরোধে এবং দাবিগুলি পূরণের আশ্বাস পাওয়ার পর সেই আন্দোলন প্রত্যাহার করা হয়।
 
পরিমল দেববর্মার দাবি, সরকার আশ্বাস দেওয়ার পর ইতিমধ্যেই দুই মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও কোনও ইতিবাচক ফল পাওয়া যায়নি। সেই কারণেই আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
কী কী দাবি আত্মসমর্পণকারী গোষ্ঠীগুলির?
 
ছয় দফা দাবির মধ্যে রয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করা; আত্মসমর্পণকারী সদস্যদের বিরুদ্ধে থাকা বিচারাধীন মামলা প্রত্যাহার; যারা অস্ত্র সমর্পণ করেছেন, তাঁদের তালিকা গ্রহণ করা; আত্মসমর্পণকারী ক্যাডারদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা। বাকি দাবিগুলিও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনগুলি।
 
পরিমল দেববর্মা বলেন, ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর না হওয়ায় বহু আত্মসমর্পণকারী সদস্য এখনও আর্থিক ও সামাজিক সমস্যার মধ্যে রয়েছেন। তাঁদের অভিযোগ, সরকারের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।
 
তিনি আরও বলেন, আত্মসমর্পণকারী ক্যাডাররা সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এবং তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দাবি পূরণ না হলে ৪ সেপ্টেম্বর থেকে ঘোষিত ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনগুলির নেতারা।