কলকাতা
অফিসের কাজে আফ্রিকায় যেতে চাননি। অথচ সংস্থার তরফে তাঁকে সেখানে পাঠানোর প্রস্তুতি চলছিল। শেষ পর্যন্ত সেই সফর এড়াতেই কলকাতা থেকে মুম্বাইগামী বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দেওয়ার পরিকল্পনা করেন এক যাত্রী। বিমানের শৌচাগারে হুমকিবার্তা লিখে রেখে নিরাপত্তা সংস্থাগুলিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি। তদন্তে অভিযুক্তের পরিচয় সামনে আসতেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
ঘটনাটি বুধবার সকালের। কলকাতা বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার AI 2772 নম্বর বিমানটি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীরা ইতিমধ্যেই বিমানে উঠে পড়েছিলেন। সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে পাইলটের কাছে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা আসে। জানা যায়, বিমানের শৌচাগারে একটি হাতে লেখা চিরকুট পাওয়া গিয়েছে। তাতে উল্লেখ ছিল, সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি হাইজ্যাক করা হবে।
বিষয়টি সামনে আসতেই শুরু হয় তৎপরতা। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া মেনে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা ১০৫ জন যাত্রীকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানজুড়ে তল্লাশি চালানো হয়। নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে সমস্ত নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল ৫টা ৩৮ মিনিটে বিমানটি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়।
এদিকে, হুমকিবার্তার উৎস খুঁজতে তদন্তে নামে বিমান নিরাপত্তা সংস্থার আধিকারিকরা। বিমানে থাকা ১০৫ জন যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। সেগুলির সঙ্গে শৌচাগার থেকে উদ্ধার হওয়া চিরকুটের হাতের লেখা মিলিয়ে দেখা হয়। সেই সূত্র ধরেই সন্দেহের তালিকায় উঠে আসেন বছর ৫৫-র এক যাত্রী। সোদপুরের বাসিন্দা ওই ব্যক্তির নাম পার্থপ্রতীম নন্দী।
তদন্তকারীদের দাবি, চিরকুটে ইংরেজি ব্লক লেটারে হুমকিবার্তা লেখা হয়েছিল। লেখার জন্য ব্যবহার করা হয়েছিল মানিব্যাগের ভিতরে রাখা ছোট কাগজ। হাতের লেখার নমুনা এবং চিরকুটের সূত্র ধরে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেন বলে জানা গিয়েছে। এরপরই তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জেরায় পার্থপ্রতীম জানান, তাঁর অফিস তাঁকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে আফ্রিকার একটি দেশে পাঠানোর পরিকল্পনা করেছিল। সেই সফর এড়াতেই তিনি বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর ধারণা ছিল, বিমানে এমন হুমকিবার্তা পাওয়া গেলে উড়ান বাতিল হয়ে যাবে। ফলে তাঁকে আর অফিসের কাজে আফ্রিকায় যেতে হবে না।
প্রাথমিকভাবে হাইজ্যাকের আশঙ্কায় বিমানবন্দরে আতঙ্ক ছড়ালেও পরে নিরাপত্তা পরীক্ষার পর হুমকিটিকে ভুয়ো বলে ঘোষণা করা হয়। তবে একটি ব্যক্তিগত কারণে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।