জরুরি পুলিশি পরিষেবায় পুরুলিয়ার বড় সাফল্য, ১৫ মিনিটের অপেক্ষা কমে ৮ মিনিট, ১১২ পরিষেবায় রাজ্যের সেরা পাঁচে জেলা
কলকাতা
জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য পেতে আর দীর্ঘ অপেক্ষা নয়। ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছতে পুরুলিয়া জেলা পুলিশের এখন গড়ে সময় লাগছে মাত্র ৭ থেকে ৮ মিনিট। আগে এই সময়ই লাগত প্রায় ১৪ থেকে ১৫ মিনিট। অর্থাৎ, জরুরি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সময় প্রায় অর্ধেক কমিয়ে আনতে পেরেছে জেলা পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের ইমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম (ইআরএসএস) বা ১১২ পরিষেবায় এই সাফল্যের সুবাদে রাজ্যের প্রথম পাঁচটি জেলার মধ্যে জায়গা করে নিয়েছে পুরুলিয়া।
জেলার পুলিশ সুপার কুমার শানি রাজ এই অগ্রগতির কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, ১১২ নম্বরে জরুরি সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বর্তমানে গড়ে ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে। এই সাফল্যের ফলে রাজ্যের সেরা পাঁচ জেলার মধ্যে রয়েছে পুরুলিয়া। তবে পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করে তুলতে পুলিশ প্রশাসনের তরফে ধারাবাহিক চেষ্টা চলছে।
পুজোর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যে এই জরুরি পরিষেবা প্রকল্পের সূচনা হয়। প্রকল্প চালুর পর থেকেই এর কার্যকারিতা বাড়ানোর দিকে বিশেষ নজর দিয়েছে পুলিশ প্রশাসন। প্রতিদিন সকালে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পরিষেবার অগ্রগতি ও কাজের খতিয়ান পর্যালোচনা করা হচ্ছে। কোথায় কত দ্রুত পুলিশ পৌঁছচ্ছে, কী ধরনের সমস্যার মোকাবিলা করতে হচ্ছে, সেই বিষয়গুলিও নজরে রাখা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে চালু রয়েছে ১১২ নম্বরের এই জরুরি পরিষেবা। পশ্চিমবঙ্গেও প্রকল্পটি চালু হওয়ার পর অন্যান্য জেলার পাশাপাশি জঙ্গলমহলের পুরুলিয়াতেও পরিষেবার জন্য বিশেষ গাড়ি ও মোটরবাইক দেওয়া হয়েছে। সেগুলিকে কাজে লাগিয়েই জরুরি ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর ব্যবস্থা করছে জেলা পুলিশ।
শুধু যানবাহন নয়, পরিষেবাকে আরও শক্তিশালী করতে কর্মীসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। রাজ্য পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই প্রতিটি থানায় ২০ জনের একটি বিশেষ দল গঠন করা হবে। এই দলে থাকবেন পাঁচজন মহিলা পুলিশকর্মী। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ এবং সাধারণ মানুষের কাছে পুলিশের পরিষেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের লক্ষ্য।
একসময় পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় পুলিশের ‘সহায়’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখনও সেই পরিষেবার জন্য ফোন আসে। তবে ১১২ চালু হওয়ার পর ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। আগে ‘সহায়’ প্রকল্পে দিনে গড়ে কমবেশি ১০টি ফোন আসত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র দু’ থেকে তিনটিতে। অর্থাৎ, জরুরি পুলিশি সহায়তার ক্ষেত্রে সাধারণ মানুষের নির্ভরতা ক্রমশ বাড়ছে ১১২ নম্বরের উপর।
দ্রুত সাড়া দেওয়া এবং ঘটনাস্থলে পৌঁছনোর সময় কমিয়ে আনার এই সাফল্য পুরুলিয়া পুলিশের জরুরি পরিষেবায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন লক্ষ্য, এই পরিষেবাকে আরও গতিশীল করে জেলার প্রত্যন্ত এলাকাতেও দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়া।