কলকাতা
কালীপুজোর পরেও নিষিদ্ধ শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কলকাতার দুই এলাকায়। বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। শহরের তিলজলা ও দক্ষিণ কলকাতার নেতাজিনগরে পৃথক দুটি ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে নেতাজিনগর থানার দুই পুলিশকর্মী এলাকায় টহল দেওয়ার সময় এনএস রোডে দু'জনকে বাজি ফাটাতে দেখেন। আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাজি ফাটানোর বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্মীরা। সেই সময় অভিযুক্তরা দাবি করেন, তাঁরা কোনও শব্দবাজি ফাটাচ্ছিলেন না।
এই নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, বচসার একপর্যায়ে ওই দুই ব্যক্তি পুলিশকর্মীদের উপর চড়াও হন এবং তাঁদের পোশাক ছিঁড়ে দেন। আহত পুলিশকর্মীরা কোনওক্রমে থানায় খবর পাঠালে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকেই অভিযুক্ত রাহুল সিং ও মনীশ সিংকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, তিলজলা এলাকায় নিষিদ্ধ বাজি ফাটানোয় বাধা দিতে গিয়ে আক্রান্ত হন আরও এক পুলিশকর্মী। রাস্তায় বাজি ফাটানো বন্ধ করতে বলায় এক ব্যক্তি ওই পুলিশকর্মীকে মারধর করেন বলে অভিযোগ। পরে অভিযুক্ত শয়ন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ।
দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। কী পরিস্থিতিতে পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।