কেএসইউ-র বাইক র‍্যালির পর আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মেঘালয় সরকারের কাছে অসমের চালকদের আবেদন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
কেএসইউ-র বাইক র‍্যালির পর আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মেঘালয় সরকারের কাছে অসমের চালকদের আবেদন
কেএসইউ-র বাইক র‍্যালির পর আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মেঘালয় সরকারের কাছে অসমের চালকদের আবেদন
 
শিলং: 

মেঘালয়ে খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর বাইক র‍্যালিকে ঘিরে হিংসার ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অসমের গাড়িচালকরা। তাঁদের অভিযোগ, র‍্যালির সময় কয়েকটি এলাকায় অসমের নম্বরপ্লেটযুক্ত গাড়ি লক্ষ্য করে হামলা ও পাথর ছোড়া হয়েছিল।

ঘটনার পর অসমের চালকদের একটি সংগঠন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার কাছে ক্ষমা চাওয়া এবং অসম থেকে যাতায়াতকারী চালক ও যাত্রীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে।

চালকদের অভিযোগ, কিছু জায়গায় হামলাকারীরা গাড়ির নম্বরপ্লেট পরীক্ষা করে তারপর পাথর ছোড়ে। ফলে মেঘালয়ের মধ্য দিয়ে যাতায়াত করা চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে শিলং ও সংলগ্ন এলাকায় পণ্যবাহী ও যাত্রীবাহী যান চলাচল নিয়ে উদ্বেগ বেড়েছে।

উল্লেখ্য, বুধবার কেএসইউ আয়োজিত বাইক র‍্যালিকে কেন্দ্র করে শিলংয়ের বিভিন্ন এলাকায় ভাঙচুর, পাথর ছোড়া এবং সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের দাবি, একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন আহত হন।

এই পরিস্থিতিতে অসমের চালকদের দাবি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে জন্য মেঘালয় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে আন্তঃরাজ্য যাতায়াতকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়ারও দাবি উঠেছে।