কলকাতা:
সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একাধিক কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে তিনি সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ানদের সঙ্গে দেখা করবেন এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ চেন্নাই থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে তিনি সুকনায় যাবেন এবং রাতে সেখানেই থাকবেন।
শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই সরু ভূখণ্ডের মাধ্যমেই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রয়েছে। পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় অঞ্চলটির কৌশলগত গুরুত্ব আরও বেশি।
শুক্রবার শিলিগুড়ির এসএসবি ফ্রন্টিয়ার সদর দফতরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এসএসবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন। জওয়ানদের সঙ্গে ‘বড়খানা’তেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর কাভাখালি মাঠে ভারতীয় ন্যায় সংহিতা-সহ নতুন তিন ফৌজদারি আইন নিয়ে আয়োজিত প্রদর্শনী ও অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। পরে সুকনায় ফিরে সীমান্ত নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে দুটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
শনিবারও একাধিক বৈঠকে অংশ নেওয়ার পর বাগডোগরা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।
উল্লেখ্য, মাত্র এক মাস আগেই জুলাইয়ে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। সেই সফরে তিনি একটি বিএসএফ সীমান্ত চৌকি পরিদর্শনের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।