উত্তর-পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট ‘লাচিত-১’ উৎক্ষেপণে প্রস্তুত

Story by  atv | Posted by  Aparna Das • 4 d ago
উত্তর-পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট ‘লাচিত-১’ উৎক্ষেপণে প্রস্তুত
উত্তর-পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট ‘লাচিত-১’ উৎক্ষেপণে প্রস্তুত
 
গুয়াহাটি

উত্তর-পূর্ব ভারতের মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে চলেছে আসাম ডন বস্কো বিশ্ববিদ্যালয়। আগামী ১২ জানুয়ারি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র PSLV-C62 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে উত্তর-পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট ‘লাচিত-১’।
 
এই স্যাটেলাইটটির নামকরণ করা হয়েছে ১৭শ শতকের বীর আহোম সেনাপতি লাচিত বরফুকন-এর নামে, যিনি মুঘল আক্রমণের বিরুদ্ধে অসমকে রক্ষা করে ইতিহাসে অমর হয়ে আছেন। ‘লাচিত-১’ কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি উত্তর-পূর্ব ভারতের আত্মপরিচয়, ইতিহাস ও গৌরবের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
 
‘লাচিত-১’ স্যাটেলাইটটি তৈরি হয়েছে হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ প্রযুক্তি সংস্থা ধ্রুব স্পেস (Dhruva Space)-এর Polar Access-1 কর্মসূচির আওতায়। এই প্রকল্পে সরাসরি যুক্ত ছিলেন উত্তর-পূর্ব ভারতের পাঁচটি রাজ্যের, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুর, এর ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী ও অধ্যাপক।
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্যাটেলাইট মিশনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব মহাকাশ প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারতের তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।
 
বিশেষজ্ঞদের মতে, ‘লাচিত-১’ উৎক্ষেপণের মাধ্যমে উত্তর-পূর্ব ভারত প্রথমবারের মতো দেশের মহাকাশ অভিযানে নিজের স্বতন্ত্র উপস্থিতি জানাতে চলেছে। এটি শুধু একটি স্যাটেলাইট উৎক্ষেপণ নয়, বরং আঞ্চলিক শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে এক বড় মাইলফলক।
 
১২ জানুয়ারির এই উৎক্ষেপণের দিকে তাকিয়ে এখন আশায় বুক বাঁধছে গোটা উত্তর-পূর্ব ভারত।