চোরবাগান পদপিষ্টের ঘটনায় গ্রেফতার পুজো কমিটির কোষাধ্যক্ষ, প্যান্ডেল ভাঙার ঘোষণায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 1 h ago
চোরবাগান পদপিষ্টের ঘটনায় গ্রেফতার পুজো কমিটির কোষাধ্যক্ষ, প্যান্ডেল ভাঙার ঘোষণায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ
চোরবাগান পদপিষ্টের ঘটনায় গ্রেফতার পুজো কমিটির কোষাধ্যক্ষ, প্যান্ডেল ভাঙার ঘোষণায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ
 
কলকাতা: 
 
চোরবাগান দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা ওরফে সেন্টু। প্যান্ডেলের একাংশ ভেঙে পড়ছে বলে ঘোষণা করে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ঘোষণার জেরেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার নদিয়া জেলার একটি গোপন আস্তানা থেকে সঞ্জীবকে আটক করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। গত ১৭ অক্টোবর দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

তদন্তকারীদের দাবি, মহাসপ্তমীর দিন পুজোমণ্ডপে ঘোষণা করার দায়িত্বে থাকা দু’জনকে সিসিটিভি ফুটেজের সাহায্যে শনাক্ত করা হয়েছে। একটি ভিডিওতে তাঁদের প্যান্ডেলের একাংশ ভেঙে পড়ছে বলে ঘোষণা করতে এবং দর্শনার্থীদের দ্রুত বেরিয়ে যাওয়ার নির্দেশ দিতে শোনা যায়। পুলিশের অনুমান, এই ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেরোনোর পথের দিকে নতুন করে ভিড়ের চাপ তৈরি হয়।

ঘটনার পর থেকে সঞ্জীবের মোবাইল ফোন বন্ধ ছিল। তাঁকে খুঁজে বের করতে আটটি সন্দেহভাজন মোবাইল নম্বরের উপর নজর রাখছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, তিনি বিভিন্ন নম্বর ব্যবহার করে পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বৃষ্টির মধ্যে উত্তর কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। তাতে ১৯ জনের মৃত্যু হয় এবং ২৫ জন আহত হন।

ঘটনার তদন্তে গঠিত বিশেষ দল ভিড় নিয়ন্ত্রণে গাফিলতি, অব্যবস্থা বা অন্য কোনও ধরনের অবহেলা দুর্ঘটনার কারণ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে।



শেহতীয়া খবৰ