পুরুলিয়ায় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রে বড়সড় ধাক্কা, ট্রাক থেকে বিপুল গাঁজা উদ্ধার; আটক ৭

Story by  atv | Posted by  Aparna Das • 1 h ago
পুরুলিয়ায় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রে বড়সড় ধাক্কা, ট্রাক থেকে বিপুল গাঁজা উদ্ধার; আটক ৭
পুরুলিয়ায় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রে বড়সড় ধাক্কা, ট্রাক থেকে বিপুল গাঁজা উদ্ধার; আটক ৭
 
কলকাতা

আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং পুরুলিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। এই ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই অভিযানের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত বেলকুড়ি টোল প্লাজার কাছে জাতীয় সড়ক ১৮-এ একটি সন্দেহভাজন ট্রাককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। তবে উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ বা বাজারমূল্য এখনও প্রকাশ করা হয়নি।
তদন্তে আরও জানা যায়, ওডিশা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল ট্রাকটি। তার সঙ্গে নিরাপত্তা বা নজরদারির উদ্দেশ্যে আরও দুটি এসকর্ট গাড়িও চলছিল। অভিযানের সময় ওই দুটি গাড়িকেও আটক করা হয়। সব মিলিয়ে সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
অভিযানের পর মুখ্যমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় কলকাতা পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশের দ্রুত, সমন্বিত ও দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ফলেই আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে।
 
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। সমাজ, বিশেষ করে যুবসমাজের নিরাপত্তাকে বিপন্ন করে এমন যে কোনও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি পুলিশকর্মীদের নিষ্ঠা, সতর্কতা ও ধারাবাহিক অভিযানের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও অপরাধচক্রের বিরুদ্ধে একইভাবে কঠোর অভিযান চলবে।
 
উদ্ধার হওয়া মাদকের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।