হাওড়া স্টেশনে চালু হচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, সিগন্যালে ট্রেন আটকে থাকার সমস্যা কমানোর বড় পদক্ষেপ রেলের
কলকাতা
দীর্ঘদিন ধরে সিগন্যালের কারণে ট্রেন দাঁড়িয়ে থাকা এবং তার জেরে যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ নিল ভারতীয় রেল। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। রেলের আশা, এই প্ল্যাটফর্ম চালু হওয়ার ফলে দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনা আরও সহজ হবে এবং ট্রেন চলাচলেও গতি আসবে।
রেল সূত্রে জানা গেছে, নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মটি বর্তমানে হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম। এর দৈর্ঘ্য প্রায় ৬৩৫ মিটার, যেখানে একসঙ্গে ২৬ বগির দীর্ঘ ট্রেন অনায়াসে দাঁড়াতে পারবে। এতদিন স্টেশনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর, কিন্তু বর্তমান যাত্রী ও ট্রেনের চাপ সামলাতে তা যথেষ্ট ছিল না। সেই কারণেই এই নতুন প্ল্যাটফর্ম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় ২.৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক প্ল্যাটফর্মটি দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
শুধু নতুন প্ল্যাটফর্মই নয়, হাওড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের কাজও চলছে। ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি ১৬ নম্বর প্ল্যাটফর্মের উন্নয়নের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। একই সঙ্গে স্টেশনে বসানো হচ্ছে অত্যাধুনিক 'রুট রিলে ইন্টারলকিং' (Route Relay Interlocking) ব্যবস্থা, যা ট্রেন পরিচালনাকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলবে।
হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, বর্তমানে দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের লাইনের সংযোগের কাজ চলায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এবং প্রবেশ করতে কিছুটা সময় বেশি লাগছে। তবে জংশন পয়েন্টের এই গুরুত্বপূর্ণ কাজ শেষ হলেই ট্রেন দেরির সমস্যা অনেকটাই কমে যাবে বলে তাঁর আশ্বাস।
এদিকে, রেলওয়ের আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে একাধিক স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজও এগোচ্ছে। ইতিমধ্যেই তারকেশ্বর, লিলুয়া, আজিমগঞ্জ, ডানকুনি, রামপুরহাট এবং কাটোয়া স্টেশনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে ধাপে ধাপে লিফটও বসানো হচ্ছে। আগামী পর্যায়ে হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল এবং লিলুয়া-সহ আরও বেশ কয়েকটি স্টেশনে লিফট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
রেলের দাবি, নতুন প্ল্যাটফর্ম, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা এবং চলমান পরিকাঠামোগত উন্নয়ন সম্পূর্ণ হলে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল আরও মসৃণ হবে। এর ফলে যেমন ট্রেনের সময়নিষ্ঠা বাড়বে, তেমনি প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে কমবে।