কালীপুজো ও ছটপুজোর নিরাপত্তা নিশ্চিত করতে জলপাইগুড়িতে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী।
তপন রায়, জলপাইগুড়ি
চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই লক্ষ্যেই কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে কেন্দ্র করে আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে অনুষ্ঠিত হয় এক জরুরি প্রশাসনিক বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপন বর্মন, জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়ক, বিভিন্ন দফতরের আধিকারিক, বিভিন্ন কালীপুজো ও ছটপুজো কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
কালীপুজো ও দীপাবলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা, পুজো মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি ছটপুজোর ঘাটগুলিতে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
পুজো কমিটিগুলিকে প্রশাসনিক নির্দেশিকা মেনে চলার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বার্তা দেন শিক্ষামন্ত্রী দীপন বর্মন। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ ও প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।