তরুণ নন্দী, কলকাতাঃ
ঘরের ছেলেদের পেটের দায়ে বোধহয় এবার ভিন রাজ্যে যাওয়ার দিন শেষ। বদলে যাওয়ার স্বপ্নে বিভোর অশোকনগর বাইগাছির কয়েক শো হিন্দু-মুসলিম পরিবার। উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাণিজ্যিক ভাবে তেল উত্তোলন শুরু হতেই এলাকায় এখন কর্মসংস্থানের আশা দেখছে স্থানীয় যুবক-যুবতীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, বাইগাছি থেকে অপরিশোধিত তেল ভর্তি ট্যাঙ্কার হলদিয়া রিফাইনারির উদ্দেশ্যে রওনা হতেই বদলে যেতে শুরু করেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের ছবিটা।
বহু বছরের প্রতীক্ষার পর ওএনজিসি (ONGC) এবার বাইগাছি থেকে বাণিজ্যিকভাবে কাঁচা তেল পাঠানো শুরু করে দিল। আর তাতেই কর্মসংস্থান আর শিল্পায়নের এক নতুন পথের সন্ধান পেতে অপেক্ষা করছেন স্থানীয় বাসিন্দারা। জমিজট আর যান্ত্রিক সমস্যা কাটিয়ে কাজ চালু হতেই বাইগাছির সংখ্যালঘু পরিবারগুলোও বুক বাঁধছে এক নতুন আশায়। এলাকার মানুষের চাওয়া একটাই, এখানে কাজের সুযোগ হলে পেটের টানে আর পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে ছুটতে হবে না পরিবারের প্রিয়জনকে। নিজের মাটিতেই কর্মসংস্থানে ঘুচবে পরিবারের অভাব-অনটন।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম তেলের সন্ধান মিলেছিল অশোকনগরের বাইগাছিতে। তেল উত্তোলনের স্বপ্ন নিয়ে ২০২০ সালে পরীক্ষামূলক কাজ শুরু হলেও নানা কারণে সব থমকে গিয়েছিল। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসার পর মাটির নিচে প্রায় ২৩০০ মিটার গভীরে খনন চালিয়ে ফের মিলল তেলের সন্ধান। বিশেষজ্ঞদের মতে, অশোকনগরের এই প্রাকৃতিক তেলের গুণমান ভারতের বিখ্যাত ‘বম্বে হাই’-এর তেলের মতোই উন্নত। এই প্রকল্পে প্রায় ২০০০ কোটি টাকা বিনিয়োগ হলে গোটা অশোনগর সহ রাজ্যের অর্থনৈতিক গ্রাফ কোন পর্যায়ে যেতে পারে তা সহজেই অনুমেয়। এই জায়গা থেকে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রতিদিন ২০ হাজার লিটার কাঁচা তেল শোধনাগারে পাঠানো।
অশোকনগরের বাইগাছিতে তেল উত্তোলন
তবে বিশেষজ্ঞদের মতামত বা সরকারের ভাবনা চিন্তা যাইহোক না কেন এলাকার মানুষের কাছে বড় হয়ে উঠেছে তাদের রুটি-রুজির নতুন সম্ভাবনা। বাইগাছির মোড়ে মোড়ে এখন একটাই আলোচনা স্থানীয়দের, তাহলো বোধহয় এবার দিন বদলাতে চলেছে। ওএনজিসি জানিয়েছে, তেল ও গ্যাস উত্তোলনের পাশাপাশি এলাকায় উন্নত রাস্তাঘাট, স্কুল ও হাসপাতাল তৈরিতে বিপুল টাকা খরচ করা হবে। তাই যদি সত্যি হয় তবে ধরে নেওয়া যায় নতুন ৫-৬টি কূপ খনন হলে যাতায়াত, পরিবহণের পাশাপাশি স্থানীয় ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন কাজের সুযোগ বাড়বে। আসার সম্ভাবনা রয়েছে অনুসারী শিল্পের।
সংসারের বোঝা কাঁধে নিয়ে বছরের পর বছর কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে হতো এলাকার যুবকদের। পরিবার ছেড়ে দূরে থাকার সেই কষ্ট কি অবার তাদের দূর হতে চলেছে? ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে বাইগাছির হিন্দু-মুসলিম পরিবারগুলো আজ একজোট হয়ে স্বপ্ন দেখছে বাইগাছির এই পরিবর্তন নিয়ে। স্থানীয় বাসিন্দারা আত্মবিশ্বাস নিয়ে বলেন, আমাদের জায়গায় আমরা কাজ করব, ঘরের ছেলেদের আর পরবাসে পড়ে থাকতে হবে না। তাই বলা ভালো, অশোকনগরের এই প্রাকৃতিক কাঁচা তেল শুধু দেশের জ্বালানি মেটাবে না, হাজারো সাধারণ মানুষের জীবনে ফিরিয়ে আনবে আলোর দিশা।