গুয়াহাটি:
অসমের ধেমাজি জেলায় বুধবার সকালে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়ির ভিতরে ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। হামলায় তাঁর ১৩ বছরের বড় মেয়েও গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন চিনুওয়ারা বেগম (৩৩), সাখিল আলি (৮) এবং পাঁচ বছরের রিজিকা বেগম। গুরুতর আহত নৈনা আখতার ১৩ বছরের মেয়েকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তি গুমচুক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে পরিবারের আর্থিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক দল পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। ঘটনার তদন্ত চলছে।